সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। বুধবার দীর্ঘ দুই মাস ৫ দিন পর বাজারটিতে লেনদেন এক হাজার কোটি টাকার ঘর ছাড়িয়েছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর সবকটি মূল্যসূচকের বড় উত্থান ঘটেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন লেনদেনের
শুরু থেকেই ক্রেতাদের আধিপত্য ছিল। দিনশেষে ডিএসইতে ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট
হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি
প্রতিষ্ঠানের শেয়ার দর।
অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান
সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায়
৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে
১ হাজার ৬৬ পয়েন্টে এবং ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০’ সূচক ২০ পয়েন্ট
বেড়ে ২ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ
টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বোচ্চ
১ হাজার ২২২ কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই হিসেবে আজকের লেনদেন গত দুই মাসের মধ্যে
সর্বোচ্চ। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৯২৯ কোটি ২৯ লাখ টাকা।
লেনদেনের নেতৃত্বে ছিল সিটি ব্যাংক, যার
২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর
মধ্যে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, একমি পেস্টিসাইড এবং লাভেলো
আইসক্রিম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ‘সিএএসপিআই’ ৬০ পয়েন্ট বেড়েছে।
বাজারটিতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে এবং ৯১টির কমেছে।
সিএসইতে আজ ১৭ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, গত দুই কার্যদিবসের
দরপতনের পর শেয়ারের দাম আকর্ষণীয় পর্যায়ে চলে আসায় বিনিয়োগকারীরা নতুন করে সক্রিয় হয়েছেন,
যার ইতিবাচক প্রভাব পড়েছে সূচক ও লেনদেনে।
বাংলাদেশের খবর/এম.আর

