Logo

অর্থনীতি

ইরান যুদ্ধের জেরে ভারতে ডায়েট কোক সংকট

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:২৪

ইরান যুদ্ধের জেরে ভারতে ডায়েট কোক সংকট

ডায়েট কোক

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাব এবার সরাসরি আছড়ে পড়েছে ভারতের কোমল পানীয়র বাজারে। আমদানিকৃত অ্যালুমিনিয়াম ক্যানের তীব্র সংকটের কারণে ভারতে ডায়েট কোক’-এর সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলা উত্তেজনার ফলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ডায়েট কোক মূলত কেবল অ্যালুমিনিয়াম ক্যানেই বিক্রি করা হয়। কিন্তু যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে ইরানের অলিখিত অবরোধের ফলে মধ্যপ্রাচ্য থেকে ক্যানের চালান আসতে পারছে না। উল্লেখ্য, বিশ্বের মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রায় ৯ শতাংশ আসে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে।

নয়াদিল্লির কোকা-কোলা ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, ক্যান সংকটের কারণে কোম্পানি বর্তমানে সরবরাহ রেশনিং’ করছে অথবা অনেক অর্ডার পূরণ করতে পারছে না। সঞ্জয় নামে এক ডিস্ট্রিবিউটর রয়টার্সকে বলেন, আমরা নিয়মিত অর্ডার দিচ্ছি, কিন্তু আমাদের জানানো হয়েছে যে যুদ্ধের কারণে ক্যানের ব্যাপক সংকট চলছে।

অন্যদিকে, উত্তর প্রদেশের মুদি বিক্রেতা আশীষ সাক্সেনা জানান, আগে যেখানে ৫-৬ ঘণ্টার মধ্যে ডেলিভারি পাওয়া যেত, এখন তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কোম্পানি এখন ডায়েট কোকের পরিবর্তে কোক জিরো’ বিপণনে জোর দিচ্ছে, যা প্লাস্টিকের বোতলে পাওয়া যায়।

ভারতে বর্তমানে চিনিমুক্ত পানীয়র বাজার দ্রুত বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে কোকা-কোলা ভারতে প্রায় ৫০ বিলিয়ন রুপি মূল্যের পণ্য বিক্রি করেছে। গবেষণা সংস্থা গ্র্যান্ড ভিউ রিসার্চের মতে, ২০৩০ সালের মধ্যে ভারতে সুগার-ফ্রি পানীয়র বাজার ৪.৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। কিন্তু ক্রমবর্ধমান এই চাহিদার মাঝে যুদ্ধের কারণে ক্যান আমদানি ব্যাহত হওয়া এবং ভারতে জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বড় ধরনের হোঁচট খেয়েছে বাজার।

বাজারে ডায়েট কোক খুঁজে না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নেটিজেনদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে। ইনস্টাগ্রামে অনেক ব্যবহারকারী মিম শেয়ার করে তাঁদের হতাশা প্রকাশ করছেন। দেবাংশু শরণ’ নামে এক ব্যবহারকারীর ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি সুপারমার্কেটে গিয়ে এক ডজনেরও বেশি ক্যান মজুত করছেন, পাছে পরে আর খুঁজে না পাওয়া যায়।

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা যে কেবল তেলের দামেই নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা ও পছন্দের পানীয়র ওপরেও প্রভাব ফেলতে পারে—ডায়েট কোকের এই সংকট তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।


বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন