Logo

অর্থনীতি

বাংলাদেশের বাজারে ইউনানের ব্যবসায়ীদের আগ্রহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭

বাংলাদেশের বাজারে ইউনানের ব্যবসায়ীদের আগ্রহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী দুই দেশ। ঢাকা সফররত ইউনানের ব্যবসায়ীরা বাংলাদেশের বাজারে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

এসময় বাংলাদেশ ও ইউনান প্রদেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, নতুন বাজার, ব্যবসায়িক সংযোগ সৃষ্টি এবং পারস্পরিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয় বলে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।

বৈঠকে বাংলাদেশি সরকারি সংস্থা, ব্যবসায়িক সংগঠন ও সংশ্লিষ্ট বেসরকারি খাতের সঙ্গে ইউনানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বাজার অনুসন্ধান, স্থানীয় এজেন্ট বা ডিস্ট্রিবিউটর নিয়োগ, কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি-রপ্তানি, লজিস্টিকস সেবা এবং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বাণিজ্যিক অবকাঠামো সম্পর্কে জানার বিষয়ে ইউনান প্রতিনিধিদলের আগ্রহের বিষয়গুলো আলোচনায় আসে।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের প্রস্তাবনায় বাংলাদেশে নির্মাণসামগ্রী, প্রকৌশল পণ্য ও কৃষি যন্ত্রপাতির বাজারের চাহিদা যাচাই, স্থানীয় প্রদর্শনী, বাণিজ্যিক বাজার পরিদর্শন, বিতরণ ও লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা এবং কৃষি ও হালকা শিল্পজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের বিষয়গুলোও গুরুত্ব পায়।

পাশাপাশি বাংলাদেশি টেক্সটাইল ও বিশেষায়িত কৃষিপণ্যের সঙ্গে ইউনানের পণ্যের বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী-টু-ব্যবসায়ী যোগাযোগ, বাজার সংযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন