শিখন ঘাটতি কাটাতে আজ খোলা প্রাথমিক বিদ্যালয়, টানা ৯ শনিবারও ক্লাস
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬
সংগৃহীত
দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হয়েছে। আজ শনিবার থেকে শুরু হওয়া এ উদ্যোগের অংশ হিসেবে আগামী আরও ৯টি শনিবারও নিয়মিত পাঠদান চালু থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রমজান ও ঈদুল ফিতর- এর দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠসূচিতে যে ঘাটতি তৈরি হয়েছে, তা নির্ধারিত সময়ে শেষ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
১০ শনিবারে পূরণ হবে ঘাটতি
সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। এ কারণে ছুটির পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- এর নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
যা বলছেন মহাপরিচালক
অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা জরুরি। দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ ছুটিতে পিছিয়েছে পাঠদান
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে।
চলতি বছর রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে হাইকোর্টের নির্দেশনার পর ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ৩৭ দিনের দীর্ঘ ছুটি তৈরি হয়।
শনিবারেও নিয়মিত ক্লাস
নির্ধারিত ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির কারণে পাঠদান পুরোপুরি শুরু হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে টানা ১০ সপ্তাহ শনিবারেও ক্লাস চলবে।
তবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা গেছে।
শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে টানা শনিবার ক্লাস চালু রাখার বিষয়টি কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর।
বাংলাদেশেরখবর/আরকে

