বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করে।
উৎসবটি সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাণচাঞ্চল্য এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অতিথিদের অংশগ্রহণে মুখরিত ছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির এবং বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট ভিদিয়া অমৃত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল- সংগীত পরিবেশনা, নৃত্য, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফ্ল্যাশ মব, আর্ট ও ক্রাফট প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি এবং ৪৪টিরও বেশি স্টল। এসব আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ঐতিহ্য ও উদ্যোক্তা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স ও পরিচালক, স্টুডেন্ট ওয়েলফেয়ার। সহ-আহ্বায়ক ছিলেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আফসানা শারমিন এবং সহ-সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম সিফাত।
এছাড়াও ২৪টি ক্লাবের উপদেষ্টা ও উপ-উপদেষ্টাগণ আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উৎসবটি পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় এবং বিইউএফটি পরিবারের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

