এইচএসসিতে ছাত্রদের চেয়ে প্রায় ২৬ হাজার বেশি ছাত্রী অংশ নিচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৩:২৬
সারা দেশে আগামী ২ জুলাই থেকে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় এবারও ছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধির ইতিবাচক চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের চেয়ে প্রায় ২৬ হাজার বেশি ছাত্রী অংশ নিচ্ছে।
একই সঙ্গে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি মানবিক বিভাগের, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি।
আন্তঃবোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় বসছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর ছাত্র সংখ্যা ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬জন।
তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।
বোর্ডভিত্তিক বৈষম্য দূর করতে এবার ৯টি শিক্ষা বোর্ডে ‘একক ও অভিন্ন’ প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করাসহ সংশ্লিষ্টদের ‘একগুচ্ছ’ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর চিত্র:
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বোর্ডের মোট পরীক্ষার্থী ৩ লাখ ৩৯৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৭ হাজার ৩৫৭; ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ৩৬। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭; ছাত্রী ৬৭ হাজার ৭৭৩। যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৭ হাজার ৫জন; ছাত্রী ৬০ হাজার ২০৫। দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬; ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন।
আর চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৩ হাজার ১৮২; ছাত্রী ৫৬ হাজার ৫০৬। কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৬০৬; ছাত্রী ৫৭ হাজার ১৯৬। ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৩১৩; ছাত্রী ৩৮ হাজার ৭২৪জন। সিলেট বোর্ডে ৭১ হাজার ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৮ হাজার ৫৪৫; ছাত্রী ৪৩ হাজার ৬৬ জন। অন্যদিকে বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৬ হাজার ৯০৫; ছাত্রী ৩১ হাজার ৭৫৯ জন।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জাতীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, শিক্ষা ব্যবস্থায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির চিত্র অত্যন্ত ইতিবাচক। তবে ছাত্রদের অংশগ্রহণ কেন কিছুটা কমেছে তা খতিয়ে দেখা হবে। বিগত সময়ে শিক্ষণ-শিখন পদ্ধতিতে যে ঘাটতি (টিচিং-লার্নিং গ্যাপ) ছিল, তার কারণে এমনটি হতে পারে।

