অনুমোদনহীন এডুকেশন কনসালটেন্সি বন্ধসহ নীতি প্রনয়ণের দাবি ফ্যাকডক্যাব’র
এনএসএস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:১৬
অনুমোদনহীন বৈদেশিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুগোপযোগী ও মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের জোর আহ্বান জানিয়েছে ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অনুমোদনহীন ও অসৎ প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন, যা এই খাতের দীর্ঘদিনের সুনাম ভীষণভাবে ক্ষুণ্ন করছে। শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্সের ওপর ভিত্তি করে অসাধু চক্র বিদেশগামী শিক্ষার্থীদের সাথে প্রতারণ করে যাচ্ছে। এই খাতের এসোসিয়েশন হিসেবে ফ্যাকড -ক্যাব কোনো ধরনের প্রতারণামূলক বা অনৈতিক কার্যক্রমকে কখনোই সমর্থন করে না এবং এই খাতের সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করে।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি সংগঠনটির পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—বৈধ ও নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা, বিদেশগামী শিক্ষার্থীদের জন্য 'National Student Registration & Smart Student ID System' চালু করা, বিদেশে গমনের পূর্বে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ওয়ান-স্টপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করা এবং একটি আধুনিক ও যুগোপযোগী 'Foreign Education Consultancy Act' প্রণয়ন করা।
সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট জুলফিকার আহাম্মাদ জুয়েল বলেন, “আমরা চাই বাংলাদেশের উচ্চশিক্ষা পরামর্শদান খাতটি একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কাঠামোর মধ্যে আসুক। শিক্ষার্থীদের স্বপ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী সরকারি নিয়ন্ত্রক নীতিমালা এখন সময়ের দাবি।”
অন্যদিকে সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো প্রতিষ্ঠানে লেনদেনের আগে তাদের বৈধতা যাচাই এবং সরাসরি ক্যাশ লেনদেন থেকে বিরত থাকার আহবান জানান।

