Logo

শিক্ষা

ইউল্যাবে সফলভাবে সম্পন্ন ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৭:০১

ইউল্যাবে সফলভাবে সম্পন্ন ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্কুল অব বিজনেস (ইউএসবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’ বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সামার ২০২৬ সেমিস্টারের কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রাম-এর অংশ হিসেবে আয়োজিত এই এক্সপোতে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, সৃজনশীলতা এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতামূলক এই এক্সপোতে প্রায় ৩০০ শিক্ষার্থী ৩৫টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ বিচারকদের একটি প্যানেল অংশগ্রহণকারী দলগুলোর প্রকল্প ও উপস্থাপনা মূল্যায়ন করেন। প্রকল্পের সৃজনশীলতা এবং উদ্ভাবনী সমস্যা সমাধানের দক্ষতার ভিত্তিতে ১৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই আয়োজনের মাধ্যমে ব্যবসায় শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স এবং বিশেষায়িত সাপ্লাই চেইন বিষয়ক কোর্সসমূহকে একীভূত করা হয়। সংশ্লিষ্ট কোর্সগুলোর শিক্ষকরা শিক্ষার্থীদের সার্বিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন। এক্সপোর অন্যতম আকর্ষণ ছিল ইউল্যাব শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের সঙ্গে অনুষ্ঠিত ‘করপোরেট মনসুন ফ্ল্যাশমব’।

সমাপনী অনুষ্ঠানে ‘দ্য ইকোনমি অব মনসুন‘ শীর্ষক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ।

আয়োজনটি শেষ হয় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং ইউল্যাবের বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ওয়াজির আহমদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন