Logo

শিক্ষা

ক্লাস শুরু ১২ নভেম্বর

একাদশে ভর্তির আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২০:৫০

একাদশে ভর্তির আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। প্রস্তাব অনুযায়ী, ১০ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হতে পারে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। এরপর ধাপে ধাপে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন, নিশ্চয়ন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১০ নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।

গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফলে প্রায় সাত লাখ শিক্ষার্থী এবার উচ্চমাধ্যমিকে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে, সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য আসনের সংকট না থাকলেও মানসম্মত ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন সীমিত থাকায় প্রতিযোগিতা তীব্র হবে।

গত বছর মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অর্থাৎ প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন। তবে জিপিএ-৫ অর্জন করলেও সবাই তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। কারণ, দেশের স্বনামধন্য কলেজগুলোর আসনসংখ্যা তুলনামূলকভাবে সীমিত।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন