ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনা’-এর উদ্যোগে ৩১ আগস্ট ২০২৬ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০২, ১০৩, ১০৪ ও ১০৫ ব্যাচের সিরাজগঞ্জের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মনোরম ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সিরাজগঞ্জের শিক্ষকবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলনমেলার মতো।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. হাসিনা শেখ, অধ্যাপক, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়; আব্দুল্লাহ আল নোমান, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ঢাবি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নূরনবী সিদ্দিক সুইন; মোঃ রেজাউল করিম, ক্যারিয়ার কনসালটেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর, ডিসিএস এডু কেয়ার; আনিসুর রহমান,
প্রভাষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; দ্বীন মোহাম্মদ সাব্বির, স্টাফ রিপোর্টার, সময় টিভি; ও মোঃ মোস্তফা আলী, প্রশাসন ক্যাডার, ৪৫তম বিসিএস।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ‘যমুনা’র পক্ষ থেকে নবীনদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল র্যাফেল ড্র। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যাফেল ড্র পর্বটি হয়ে ওঠে অত্যন্ত আনন্দময় ও উপভোগ্য। হাসি-আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‘যমুনা’র আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত হতে সহযোগিতা করা এবং সিরাজগঞ্জের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই ‘যমুনা’র অন্যতম লক্ষ্য। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক নানাবিধ আয়োজন, বেসিক কম্পিউটার কোর্স, নিয়মিত পাঠচক্রসহ যমুনা ট্রাস্ট ফান্ড গঠনের দাবিও রাখা হয়।
নবীনবরণ অনুষ্ঠানটি ঢাকা সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন 'যমুনা'র আহ্বায়ক মোঃ মহসীন উদ্দীন শাফির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ ফজলে রাব্বী সরকার।

