ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪১
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে ছুটির পর সাইন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে। বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে আমরা সাইন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করি।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কি কারণে করেছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।
তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাব এইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। আমাদের শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী গণমাধ্যমকে বলেন, ‘এখানে সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় এটি প্রশমিত হয়েছে।’
বাংলাদেশের খবর/এইচআর

