সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে পবিপ্রবিতে স্মরণসভা ও দোয়া মোনাজাত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২১:২৫
ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের অকাল ও আকস্মিক মৃত্যুতে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এক স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. লোকমান আলী, অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষার, ভাইস- চ্যান্সেলর কার্যালয়ের ডপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, হিসাব শাখার উপ-পরিচালক মো. ইলিয়াস উদ্দিন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো. মোশাররফ হোসেন, মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, কর্তব্যপরায়ণ এবং একনিষ্ঠ একজন কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্ব পালনে তার সততা, দক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মক্ষেত্রের বাইরে তিনি ছিলেন একজন অসাধারণ, সদা হাস্যোজ্জ্বল, সজ্জন ও অত্যন্ত প্রাণবন্ত মানুষ। সবার সঙ্গে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং মন খুলে কথা বলার এক বিরল মানবিক গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। তার এই অকাল প্রস্থান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি সৈয়দ নিজাম উদ্দিনের ভালো দিকগুলো সকলকে অনুসরণ করার আহ্বান জানান । শুরুতে মরহুম সৈয়দ নিজাম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ নিজাম উদ্দিন (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যা, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাংলাদেশের খবর/আরইউ

