পার্থ বড়ুয়া
ব্যান্ড সংগীত, একক গান কিংবা সংগীতায়োজন—সব মাধ্যমেই পার্থ বড়ুয়া মানেই শ্রোতাদের জন্য বিশেষ কিছু। দীর্ঘ বিরতি কাটিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই গুণী শিল্পী। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। গত শুক্রবার প্রযোজনা সংস্থা জি-সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
‘সহজলভ্য নই’ গানটির কথা ও
সুর করেছেন বর্তমান সময়ের আলোচিত গীতিকার ও সুরকার আহমেদ রাজীব। গানটির মূল উপজীব্য
হলো ভালোবাসা, আত্মমর্যাদা এবং সম্পর্কের জটিল রসায়ন। ‘সহজ আমায় ভাবতে
পারো, সহজলভ্য নই’—এমন গভীর ও আবেগী বাণীতে সাজানো হয়েছে
গানটি। আহমেদ রাজীবের মতে, এই গানে পার্থ বড়ুয়ার চিরচেনা কণ্ঠের জাদুতে ভিন্ন এক মাত্রা
যোগ হয়েছে। তিনি বলেন, “গানের কথায় নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার
যে দৃঢ় বার্তা রয়েছে, তা পার্থদার কণ্ঠে আরও বেশি সমৃদ্ধ হয়েছে। এখানে অনুভূতির সূক্ষ্ম
দিকগুলো দারুণভাবে ফুটে উঠেছে।”
নতুন গানটি নিয়ে উচ্ছ্বসিত পার্থ বড়ুয়া
নিজেও। তিনি জানান, গানটির রোমান্টিক আবহ এবং গভীর আবেগঘন কথাগুলো শ্রোতাদের হৃদয়ে
দাগ কাটবে। তিনি বলেন, “দীর্ঘদিন পর মৌলিক গান নিয়ে ফিরলাম। আত্মমর্যাদা
ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই গানটির আবহ তৈরি হয়েছে। প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ
ভালো সাড়া পাচ্ছি।”
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম
ও ইউটিউবের কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্যে ভাসছেন শিল্পী। দীর্ঘ বিরতির পর পার্থ বড়ুয়ার
কণ্ঠের মাদকতা ফিরে পেয়ে অনেক শ্রোতাই নস্টালজিক হয়ে পড়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন,
“গানটি শুনে পুরনো
দিনে ফিরে গেলাম। এমন গান আমাদের আরও বেশি বেশি উপহার দেওয়া উচিত।”
জি-সিরিজ জানিয়েছে, ঈদ উৎসবের অংশ হিসেবেই
তারা গানটি অন্তর্জালে প্রকাশ করেছে। বর্তমানে ‘জি সিরিজ মিউজিক’ ইউটিউব চ্যানেলে
গানটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।
বাংলাদেশের খবর/ এম.আর

