Logo

বিনোদন

অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:১৪

অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক!

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউডনিজের প্রতিভায় বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সম্প্রতি ইতালির মিলানে একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিয়ে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছেন এই দেশি গার্ল। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ওই অনুষ্ঠানে হলিউড তারকাদের পক্ষ থেকে প্রিয়াঙ্কাকে উপেক্ষা করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি, একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে খাটো করার চেষ্টা চলছে।

ঘটনার সূত্রপাত মিলানের একটি ফ্যাশন ইভেন্ট থেকে। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে একই ফ্রেমে দেখা যায় ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা, হলিউড অভিনেতা জেইক গেলিনহ্যাল এবং অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা কথা বলার চেষ্টা করলেও পাশের তারকারা তাকে সেভাবে পাত্তা দিচ্ছেন না। এর পরপরই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায় যে, হলিউডে নিজের কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না প্রিয়াঙ্কা।

বিতর্ক যখন তুঙ্গে, তখন এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াঙ্কার সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভারতীয় নেটিজেন ও গণমাধ্যমের একটি অংশ নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার সুযোগ খুঁজছে। মজার ব্যাপার হলো, প্রিয়াঙ্কা নিজে সেই ভিডিওতে লাইক দিয়েছেন। ভক্তদের ধারণা, লাইক দেওয়ার মাধ্যমে প্রিয়াঙ্কা পরোক্ষভাবে সমালোচকদের এই মানসিকতার বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

ভাইরাল হওয়া সেই বিতর্কিত ভিডিওর বাইরেও অনুষ্ঠানের আরও কিছু ফুটেজ পরবর্তীতে সামনে এসেছে। সেখানে দেখা গেছে, ডুয়া লিপা ও অ্যানি হ্যাথওয়ের সঙ্গে বেশ সাবলীলভাবে আড্ডা দিচ্ছেন প্রিয়াঙ্কা। দীর্ঘক্ষণ তাদের হাসিমুখে কথা বলতেও দেখা যায়। বিশ্লেষকদের মতে, পুরো অনুষ্ঠানের একটি নির্দিষ্ট কয়েক সেকেন্ডের অংশ কেটে নিয়ে প্রিয়াঙ্কার আন্তর্জাতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে হলিউডে প্রিয়াঙ্কা কেবল একজন অভিনেত্রী হিসেবেই নন, বরং একজন সফল প্রযোজক এবং অস্কারের মতো মঞ্চের উপস্থাপক হিসেবেও নিজের জায়গা করে নিয়েছেন। তাই একটি খণ্ডিত ভিডিও দিয়ে তার অবস্থান মাপার চেষ্টা করা ভিত্তিহীন বলেই মনে করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন