Logo

বিনোদন

নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৬:০০

নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স)। তিনি জানান, জামিনের শর্ত হিসেবে বাদীর সঙ্গে আপসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করেননি নোবেল। বিয়ের কথা থাকলেও জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে আদালতে তার জামিন বাতিলের আবেদন করা হয়, যা মঞ্জুর করেছেন বিচারক।

এর আগে ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে আজ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন। মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ৩ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, শবনম রোজ নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দেন নোবেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

২০২৫ সালের আগস্টে মামলাটি দায়ের হলে আদালত তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। তদন্ত শেষে চলতি বছরের জানুয়ারিতে দাখিল করা প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এর আগেও আরেকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করার পর জামিনে মুক্তি পান নোবেল।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন