অপু বিশ্বাস
দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার এক ব্যতিক্রমী বার্তায় ভক্তদের মুখোমুখি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি আর অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তার ভক্ত হওয়া মানেই ‘আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন’।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে
এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দেন এই নায়িকা। যেখানে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের
পাশাপাশি তাদের ধৈর্য ও মার্জিত আচরণের প্রশংসা করেন।
অপু বিশ্বাস তার পোস্টে স্পষ্ট করে বলেন,
যারা কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের ব্যক্তিগত জীবন বা পরিবার
নিয়ে আজেবাজে মন্তব্য করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন,
“আপনাদের ব্যক্তিত্ব
এতই ঊর্ধ্বে যে, কারও নিচুমানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ
করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের
নাগাল পাবে না।”
ব্যক্তিজীবন ও পরিবার নিয়ে বারবার কাটাছেঁড়ার
প্রেক্ষিতে অপু জানান, তার পরিবারই তার সবচেয়ে বড় শক্তি ও অহংকার। তিনি বলেন, “যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে
আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে
কারও কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা ও আমাদের
শিক্ষা।”
অপু বিশ্বাস তার দীর্ঘ পথচলায় ভক্তদের
যেভাবে ছায়া হয়ে পাশে পেয়েছেন, ঠিক একইভাবে তার সন্তান আব্রাহাম খান জয়কেও স্নেহ ও
মমতায় আগলে রাখার অনুরোধ জানান। তিনি মনে করেন, জয়কে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন
করাই হওয়া উচিত ভক্তদের প্রধান লক্ষ্য। কোনো বিতর্ক বা হট্টগোলে না জড়িয়ে ভালোবাসা
আর কাজের গৌরব নিয়েই এগিয়ে যেতে চান এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এমন দায়িত্বশীল
ও ইতিবাচক বার্তার পর সাধারণ নেটিজেন ও ভক্তদের প্রশংসায় ভাসছেন অপু বিশ্বাস। অনেকেই
মনে করছেন, বিনোদন অঙ্গনে তারকাদের ভক্তদের মধ্যে যে ধরণের রেষারেষি বা কুরুচিপূর্ণ
মন্তব্য বিনিময় হয়, তা বন্ধে অপুর এই উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
সবশেষে ভক্তদের শান্ত ও হাসিখুশি থাকার
পরামর্শ দিয়ে অপু জানান, তাদের এই মার্জিত রূপটিই তার পথচলার সবচেয়ে বড় শক্তি। বিতর্ক
এড়িয়ে সুস্থ বিনোদন আর কাজের মাধ্যমেই তিনি দর্শকদের হৃদয়ে আজীবন টিকে থাকতে চান।
বাংলাদেশের খবর/ এম.আর

