Logo

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন টেইলর সুইফট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:২৯

বিয়ের পিঁড়িতে বসছেন টেইলর সুইফট

টেইলর সুইফট

দীর্ঘ দুই বছরের প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসের বিয়ের তারিখ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চললেও এবার তা চূড়ান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আগে শোনা গিয়েছিল ১৩ জুন তাঁরা বিয়ে করবেন, তবে নতুন প্রতিবেদন অনুযায়ী আগামী ৩ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।

বিয়ের আয়োজন নিয়ে গোপনীয়তার কোনো কমতি রাখছেন না এই জুটি। জানা গেছে, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের কাছে এরই মধ্যে সেভ দ্য ডেট আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান যাতে জনসমক্ষে না আসে, সেজন্য আমন্ত্রিত অতিথিদের একটি বিশেষ নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। আগে গুঞ্জন ছিল যে রোড আইল্যান্ডের ওশান হাউসে এই রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হবে।

তবে সেই ভেন্যুর ওয়েডিং প্ল্যানার তারা গুইয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার জানিয়েছেন যে, টেইলর সুইফট সেখানে বিয়ে করছেন না। নতুন খবর অনুযায়ী, নিউ ইয়র্কের কোনো একটি স্থানে অত্যন্ত গোপনীয়তার সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বিয়ের পরপরই তিন সপ্তাহের লম্বা এক হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছেন নবদম্পতি। তাঁদের ভ্রমণ তালিকায় রয়েছে বাহামা দ্বীপপুঞ্জ, ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, গ্রিস, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। এই সময়ে তাঁরা পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে বা অফ দ্য গ্রিড থাকার পরিকল্পনা করেছেন।

বিয়ের এই রাজকীয় প্রস্তুতির মাঝেও ট্রাভিস কেলস কিছুটা মানসিক চাপে আছেন বলে শোনা যাচ্ছে। ফুটবল মৌসুমের ব্যস্ততা, নিজস্ব পডকাস্ট, নতুন রেস্টুরেন্ট ব্যবসা এবং অভিনয় জগতের আকাঙ্ক্ষাসব মিলিয়ে পেশাদার জীবনের ব্যস্ততার সাথে বিয়ের পরিকল্পনা সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। মিডিয়ার অতিরিক্ত নজরদারি তাঁকে কিছুটা ক্লস্ট্রোফোবিক বা দমবন্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলেও ঘনিষ্ঠ সূত্রের দাবি।

২০২৫ সালের আগস্টে বাগদান সেরেছিলেন এই জুটি। তখন ইনস্টাগ্রামে মজার ছলে লিখেছিলেন, তোমাদের ইংরেজি শিক্ষক এবং জিম শিক্ষক বিয়ে করতে চলেছেন। এখন ৩ জুলাইয়ের সেই বিশেষ মুহূর্তটির অপেক্ষায় দিন গুনছেন সারা বিশ্বের কোটি কোটি সুইফটিরা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন