অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বরাবরই নিজের ফ্যাশন আর লুক নিয়ে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন। এবার লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’র সাজে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। তবে শুধু ছবিই নয়, ছবির ক্যাপশনে দেওয়া তাঁর একটি বিশেষ বার্তাও এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একঝাঁক
নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, লাল রঙের ভারী কারুকাজ করা শাড়ি,
নজরকাড়া সোনার অলংকার এবং নিপুণ মেকআপে এক রাজকীয় অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি।
মূলত ‘বেহুলা-লক্ষ্মীন্দর’ থিমের এই ফটোশুটে
অপুর সাথে সহশিল্পী হিসেবে ছিলেন অভিনেতা আদর আজাদ। ট্র্যাডিশনাল এই লুকে অপুকে দেখে
ভক্তদের অনেকেই বলছেন, ক্যারিয়ারের অন্যতম সেরা সাজে সেজেছেন তিনি। ছবির ক্যাপশনে অপু
বিশ্বাস লিখেছেন একটি শক্তিশালী বার্তা।
তিনি লেখেন, "সব রানীর রাজার প্রয়োজন
হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।"
তাঁর এই উক্তিকে অনেকেই বর্তমান জীবনের প্রেক্ষাপটে অপুর আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে
দেখছেন। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু যে এখন একাই নিজের
রাজত্ব সামলাতে সক্ষম, সেই ইঙ্গিতই যেন ফুটে উঠেছে এই লাইনে।
অপু বিশ্বাসের এই নতুন লুক প্রকাশের পরপরই
তা ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। একজন অনুরাগী মন্তব্য
করেছেন, "এখন পর্যন্ত যত সাজে আপনাকে দেখেছি, তার মধ্যে এটিই সেরা।" অন্য
একজন লিখেছেন, "অপু বিশ্বাস প্রমাণ করলেন তিনি কেন ঢালিউড কুইন।"
দীর্ঘদিন ধরে ঢালিউডে শীর্ষস্থান ধরে রাখা
এই অভিনেত্রী বর্তমানে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও বড় ব্র্যান্ডের ফটোশুটে
বেশ সক্রিয়। এছাড়া আদর আজাদের সঙ্গে তাঁর নতুন কাজের রসায়নও দর্শকদের মাঝে আগ্রহ তৈরি
করেছে। সব মিলিয়ে নতুন লুকে যেমন তিনি ঐতিহ্যের কথা বলছেন, তেমনি ক্যাপশনে জানিয়েছেন
স্বাবলম্বী হওয়ার দৃঢ় বার্তা।
বাংলাদেশের খবর/এম.আর

