ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হঠাৎ নিজের বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়েটি ছিল তার জন্য ‘ভুল সিদ্ধান্ত’।
অপুর এই স্বীকারোক্তি ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে— ঠিক কী কারণে এমন মন্তব্য করলেন এই তারকা? সাক্ষাৎকারে তিনি বলেন, খুব অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে বিয়ে করেছিলেন, যা পরবর্তী সময়ে তার জীবনের বড় ভুল হিসেবে মনে হয়েছে। তার উপলব্ধি, ‘ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
২০০৮ সালের ১৮ এপ্রিল চুপিসারে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ সেই বিয়ের খবর প্রকাশ করেন তিনি। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে থাকছে। বিভিন্ন উৎসব ও স্কুলের ছুটিতে বাবা শাকিব খানের বাসায় দাদা-দাদির সঙ্গে সময় কাটে তার।
সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, তিনি তার অতীত নিয়ে অনুশোচনা করলেও সেখান থেকে শিক্ষা নিয়েছেন। বর্তমান সময়ের নিজেকে অনেক বেশি পরিণত বলেও উল্লেখ করেন তিনি।
জানালেন, আগের মতো আবেগপ্রবণ নন; বরং এখন ক্যামেরার সামনে নিজেকে অনেক বেশি পেশাদারভাবে উপস্থাপন করতে চান।
নতুন করে বিয়ের সম্ভাবনা নিয়েও জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি অপু বিশ্বাস। তবে রহস্য রেখে বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।’ তার এ মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে— তবে কি ভবিষ্যতে আবারো বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী?
কাজের দিক থেকে কিছুটা অনিয়মিত হলেও বিভিন্ন পণ্যের প্রচারণা, শোরুম উদ্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন অপু বিশ্বাস।
ঈদুল ফিতরে অপু অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও আগামী ঈদুল আজহায় ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।
বাংলাদেশের খবর/আরইউ

