এবার ‘ইচ্ছার দশ রঙে’ অ্যালবাম নিয়ে হাজির হলেন রানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:১২
বাংলা সঙ্গীতাঙ্গনের উদীয়মান সঙ্গীতশিল্পীদের মধ্যে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছেন কে এম আনিসুর রহমান রানা। তিনি ধীরে ধীরে তার মৌলিক গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন প্রাণবন্তভাবে, সুপরিসরে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তার একক অ্যালবাম ‘ইচ্ছার দশ রঙে’ তাকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে।
এই অ্যালবামে শিল্পীর ব্যক্তিগত অনুভূতি, জীবনের বাস্তবতা এবং স্বপ্নের বহুমাত্রিকতা একত্রে ফুটে উঠেছে। এটি কেবল একটি গানসংকলন নয়, বরং দীর্ঘদিনের সৃজনশীল চর্চার ফল, যেখানে প্রতিটি গান শিল্পীর অন্তর্গত ভাবনা ও অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে কাজ করে। অ্যালবামে ঠাঁই পাওয়া গানগুলো হলো- দুই কাপ চা, গল্প প্রহর, অগ্নিস্নান, একা, খোঁজ, তুমি কোথায়, শুদ্ধ ভালোবাসা, তোমার জন্য গান, উত্তরাধিকার, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
অ্যালবামটি নিয়ে কে এম আনিসুর রহমান রানা বলেন, ‘এই অ্যালবামের গানগুলো আগে বিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়েছিল; এবার সেগুলোকে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম রূপে একত্র করেছি। জীবনযাপনের নানান অভিজ্ঞতা ও সময়ের অনুভূতি থেকে তৈরি করা গানগুলোই ‘ইচ্ছার দশ রঙে’ অ্যালবামে একসাথে স্থান পেয়েছে। আশা করি অ্যালবামটি শ্রোতারা মন দিয়ে শুনবেন এবং এর ভেতরের অনুভূতিগুলো গভীরভাবে উপলব্ধি করবেন।’
‘ইচ্ছার দশ রঙে’ অ্যালবামের গানগুলোতে ভালোবাসা, বেদনা, আশা, হতাশা এবং জীবনের সংগ্রামের মতো চিরচেনা বিষয়গুলো নতুনভাবে উপস্থাপিত হয়েছে, ফলে তা ব্যক্তিগত সীমা ছাড়িয়ে সার্বজনীন আবেদন সৃষ্টি করে।
কে এম আনিসুর রহমান রানা নিজের সঙ্গীতচর্চাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না; বরং তিনি গানকে একটি বার্তাবাহক মাধ্যম হিসেবে দেখেন, যার মাধ্যমে মানুষের অনুভূতি, সমাজের বাস্তবতা এবং জীবনের গল্প বলা যায়।
বর্তমান সময়ে যখন অনেক শিল্পী জনপ্রিয়তার জন্য কভার গান বা ট্রেন্ডনির্ভর কনটেন্টে ঝুঁকছেন, সেখানে তিনি মৌলিক সৃষ্টিকে গুরুত্ব দিয়ে একটি আলাদা পথ বেছে নিয়েছেন, যা তাকে ধীরে হলেও স্থায়ী অবস্থান তৈরি করতে সহায়তা করছে। আর ‘ইচ্ছার দশ রঙে’ হলো সেই সম্ভাবনার একটি শক্ত ভিত্তি ।

