Logo

বিনোদন

বিরতি কাটিয়ে সিনেমার শুটিংয়ে দীঘি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৪

বিরতি কাটিয়ে সিনেমার শুটিংয়ে দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত সময় পার করছেন ক্যামেরার সামনে। সাময়িক বিরতি কাটিয়ে তিনি ফিরলেন তার নতুন সিনেমা বিদায়-এর শুটিং সেটে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটির দ্বিতীয় ধাপের কাজ বর্তমানে পুরোদমে চলছে।

সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হওয়ার পর নির্মাতা অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। সম্প্রতি সেই কাজ শেষ করে আবারও বিদায়-এর সেট সাজানো হয়েছে। শুটিং স্পট থেকে প্রবীণ অভিনেতা ফারুক আহমেদের শেয়ার করা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন দীঘি। এই সিনেমায় দীঘির সাথে আরও অভিনয় করছেন ঢাকাই সিনেমার দুই অভিজ্ঞ তারকা বাপ্পারাজ ও আলীরাজ। সিনিয়র শিল্পীদের সাথে একই ফ্রেমে কাজের অভিজ্ঞতা দীঘির অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী জনপ্রিয়তা পাওয়া দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া। বিদায় সিনেমায় তাকে একেবারে নতুন একটি লুকে দেখা যাবে। শুটিংয়ের ছবিগুলোতে তার উপস্থিতিতে ভক্তদের মাঝে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দীঘি জানিয়েছেন, এই সিনেমার গল্প ও তার চরিত্রটি গতানুগতিক ধারার চেয়ে কিছুটা ভিন্ন, যা দর্শকদের চমকে দেবে।

সিনেমাটির নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমান লটেই বড় অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সব কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জোর প্রস্তুতি চলছে। যদি পরিকল্পনা মাফিক সবকিছু এগোয়, তবে ঈদের সিনেমার তালিকায় দীঘির এই নতুন কাজ বড় আকর্ষণ হয়ে দাঁড়াবে। একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে দীঘি প্রমাণ করছেন যে, নায়িকা হিসেবেও তিনি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ রেসের ঘোড়া হতে প্রস্তুত। এখন দেখার বিষয়, বড় পর্দায় বাপ্পারাজ-আলীরাজদের মতো দক্ষ শিল্পীদের সাথে কাঁধ মিলিয়ে দীঘি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন