Logo

বিনোদন

আমি খেতে ভালোবাসি: জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৪২

আমি খেতে ভালোবাসি: জয়া আহসান

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের চিরতরুণ রূপের রহস্য নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বয়সকে স্রেফ একটি সংখ্যায় পরিণত করা এই অভিনেত্রীর ফিটনেস ও উজ্জ্বল ত্বকের পেছনে কাজ করে সুশৃঙ্খল খাদ্যাভ্যাস।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন এক অদ্ভুত ও মানবিক পরিবর্তনের কথাপ্রাণী হত্যার অনুশোচনা থেকে এখন মাছ ও ডিম খেতেও অস্বস্তি বোধ করছেন তিনি।

জয়া জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে প্যাস্কিটেরিয়ান (যারা মাংস খান না, তবে মাছ ও ডিম খান) হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে সেই অভ্যাসও এখন বদলে যাচ্ছে। জয়া বলেন, আমি খেতে ভালোবাসি এবং নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য খাওয়া প্রয়োজন বলে মনে করি। কিন্তু ইদানীং আমি ডিম কিংবা মাছকোনোটাই খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি। এটি সম্ভবত আমার একটি মানসিক পরিবর্তন।

দীর্ঘদিন ধরে প্রাণী অধিকার রক্ষায় কাজ করছেন জয়া আহসান। এই মানবিক কাজের প্রভাবেই তার খাদ্যাভ্যাসে এমন পরিবর্তন এসেছে। তিনি বলেন, অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করতে গিয়ে আমার এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে মনে হয় রাস্তার চারপেয়ে প্রাণীদের খাবার আমি খেয়ে ফেলছি। তবে স্বাস্থ্য সচেতন জয়া মনে করেন, সবারই পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা উচিত, বিশেষ করে নারীদের স্বাস্থ্যের কথা ভেবে।

খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে নিজের কিছু মজার অভ্যাসের কথাও শেয়ার করেছেন তিনি। শুটিং সেটে সিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ তার অপরিহার্য। রসিকতা করে তিনি একে শুটিংয়ের জাতীয় খাবার বলে অভিহিত করেন। এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা না হলে তার দিন শুরু হয় না। জয়া ছোটবেলা থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি অনুরাগী। এ নিয়ে সহকর্মীদের মধ্যে জল্পনা আছে যে তিনি সবকিছুই কাঁচা খান। এ প্রসঙ্গে জয়ার ব্যাখ্যা, সবকিছু কাঁচা খাই না, তবে আমি অনেক কিছু কাঁচা খেতে পারি। এটি আমার ছোটবেলার অভ্যাস।

দুই বাংলার এই মেগাস্টার বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে কাজের ফাঁকেও অবলা প্রাণীদের প্রতি তার এই মমতা ও জীবনবোধ অনুরাগীদের মধ্যে প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন