নুসরাত জাহান
ব্যক্তিগত জীবন আর রূপালি পর্দার গ্ল্যামার ছাপিয়ে এবার আইনি জটিলতায় বিদ্ধ হলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। রেশন দুর্নীতি এবং বাংলাদেশে গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তাকে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, করোনা
মহামারিকালীন সংকটের সময় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ গম পাচারের অভিযোগ
ওঠে। সেই সময় সীমান্ত এলাকায় বেশ কিছু গমের ট্রাক জব্দ করা হয়েছিল। উল্লেখ্য, ওই সময়
নুসরাত জাহান উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্রের লোকসভা সদস্য ছিলেন। ইডির দাবি, রেশন
দুর্নীতির তদন্তে নেমে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম পেয়েছেন, যার সূত্র ধরে তৎকালীন
সংসদ সদস্য নুসরাতকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সীমান্তের গম পাচার চক্রের সঙ্গে কোনো
প্রভাবশালী যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখতেই এই তলব।
কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির
হওয়ার নির্দেশ থাকলেও নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে ভিন্ন খবর পাওয়া যাচ্ছে। জানা
গেছে, অভিনেত্রী বর্তমানে কলকাতায় সিজিও কমপ্লেক্সের পরিবর্তে দিল্লিতে ইডির কেন্দ্রীয়
সদর দপ্তরে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। সম্প্রতি স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে বিদেশ
ভ্রমণ সেরে কলকাতায় ফিরেছেন তিনি। তবে ইডির এই তলবে তিনি সশরীরে হাজির হবেন নাকি আইনজীবীর
মাধ্যমে সময় চাইবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
২০১৯ সালে তৃণমূলের টিকিটে বসিরহাট থেকে
সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নুসরাত। তবে পাঁচ বছরের মেয়াদে রাজনৈতিক সক্রিয়তা এবং
এলাকায় উপস্থিতির অভাব নিয়ে দলের ভেতরে-বাইরে সমালোচনার মুখে পড়েন তিনি। ফলে ২০২৪ সালের
লোকসভা নির্বাচনে দল তাকে আর টিকিট দেয়নি। এমনকি লোকসভা নির্বাচনের প্রচার তালিকা থেকেও
বাদ পড়েছিলেন তিনি। তবে সেই মান-অভিমান ভুলে বর্তমানে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা
নির্বাচনে দলের হয়ে প্রচার তালিকায় নাম লিখিয়েছেন তিনি।
আগামী ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা
নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই তৎপরতাকে 'রাজনৈতিক প্রতিহিংসা'
হিসেবে দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে
না উঠে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তারকা প্রচারকদের ভয় দেখানোর চেষ্টা
করছে। নুসরাত জাহানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
তবে এর আগেও একটি আবাসন প্রতারণা মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল এই
অভিনেত্রীকে। এখন দেখার বিষয়, আজ নুসরাত তদন্তকারীদের সামনে কী তথ্য পেশ করেন।
বাংলাদেশের খবর/এম.আর

