চাহাত খান্না
ভারতীয় শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম এবং ধর্মবিশ্বাস পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে যখন কোনো তারকা নিজের বিশ্বাস পরিবর্তন করেন, তখন তা জাতীয় সংবাদে পরিণত হয়। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্নাও এর ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ইসলাম ধর্ম গ্রহণ এবং পুনরায় সনাতন ধর্মে ফিরে আসা নিয়ে মুখ খুলেছেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ খ্যাত এই অভিনেত্রী।
২০১৩ সালে ফারহান মির্জাকে বিয়ের সময় ইসলাম
ধর্ম গ্রহণ করেছিলেন চাহাত। সেই সময় থেকে শুরু করে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তাকে
নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক চলে আসছিল। অনেকেই দাবি করেছিলেন, চাপের মুখে পড়ে তিনি ধর্ম
পরিবর্তন করেছেন।
তবে সেই ভুল ধারণা ভেঙে দিয়ে চাহাত পরিষ্কারভাবে
বলেন, “আমি নিজের ইচ্ছাতেই
ইসলাম গ্রহণ করেছিলাম। কেউ আমাকে জোর করেনি। আমি একজন ধর্মনিরপেক্ষ (সেক্যুলার) মানুষ।
বিয়ের সময় এবং বিচ্ছেদের পরেও আমি ঈদ ও দীপাবলি—দুটো উৎসবই সমান আনন্দের সঙ্গে
উদযাপন করি।”
চাহাত আক্ষেপ করে জানান, সংবাদমাধ্যমে
প্রায়ই তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়। একটি নির্দিষ্ট বাক্য তুলে নিয়ে সেটিকে
ভিন্ন অর্থে প্রচার করা একজন পাবলিক ফিগার হিসেবে তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিবাহবিচ্ছেদের পর ২০২৪ সালে চাহাত খান্না
জানান যে, তিনি পুনরায় তার জন্মগত ধর্ম অর্থাৎ সনাতন ধর্মে ফিরে গেছেন। এই রূপান্তরকে
তিনি তার ‘আত্ম-অনুসন্ধানের একটি ধাপ’ হিসেবে বর্ণনা
করেছেন। চাহাতের ভাষায়, “নিজের বিশ্বাস সম্পর্কে পুরোপুরি স্পষ্ট
হতে আমার কয়েক বছর সময় লেগেছে। আমি ইসলামের অনেক শিক্ষা গ্রহণ করেছি, যা আমাকে সমৃদ্ধ
করেছে, তবে শেষ পর্যন্ত আমি আমার শেকড়েই ফিরেছি।”
চাহাত খান্নার ব্যক্তিগত জীবন ছিল বেশ
নাটকীয়। মাত্র ১৬ বছর বয়সে ২০০৬ সালে ব্যবসায়ী ভারতকে বিয়ে করেন তিনি। কিন্তু এক
বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। এরপর ২০১৩ সালে বলিউডের লেখক শাহরুখ মির্জার ছেলে
ফারহান মির্জাকে বিয়ে করেন। এই সংসারে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। তবে ২০১৮ সালে
ফারহানের বিরুদ্ধে যৌন ও মানসিক হয়রানির গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন করেন
চাহাত। বর্তমানে তিনি তার সন্তানদের নিয়ে একাই জীবন অতিবাহিত করছেন।
২০০২ সালে ক্যাডবেরির একটি বিজ্ঞাপনের
মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন চাহাত। তার প্রথম টিভি শো ছিল ‘সচি বাত সাবি
জাগ জানে’। ২০০৫ সালে ‘দ্য ফিল্ম’ সিনেমার মাধ্যমে
বড় পর্দায় তার অভিষেক ঘটে। তবে একতা কাপুরের সুপারহিট ধারাবাহিক ‘বড়ে আচ্ছে লাগতে
হ্যায়’-তে অভিনয়ের মাধ্যমেই
তিনি ভারতের ঘরে ঘরে পরিচিতি পান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি তার প্রযোজনা সংস্থা
এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বাংলাদেশের খবর/এম.আর

