Logo

বিনোদন

জিনাত আমান অভিনয় পারেন না, মুমতাজের বিস্ফোরক মন্তব্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৬:৫২

জিনাত আমান অভিনয় পারেন না, মুমতাজের বিস্ফোরক মন্তব্য

ছবি: সংগৃহীত

বলিউডের অতীতের ঝলমলে সময়কে আলোচনায় এনে দিলেন মুমতাজ। বরাবরই স্পষ্টভাষী এই তারকা এবার প্রশ্ন তুলেছেন ‘তারকা’ আর ‘অভিনেতা’— এই দুই পরিচয়ের পার্থক্য নিয়ে। আর সে বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে হিন্দি চলচ্চিত্রজগতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাজ কিছু মন্তব্য করেছেন। আর এসব মন্তব্য সহজেই নাড়া দেয় বলিউডপ্রেমীদের আবেগকে। তিনি বলেন, কিংবদন্তি অভিনেতা সঞ্জীব কুমার ছিলেন অসাধারণ অভিনেতা, কিন্তু তাকে আমি বড় তারকা মনে করি না।

জিনাত আমানের অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার যুক্তি, কেউ ভালো অভিনেতা হতে পারেন, কিন্তু সবাই বড় তারকা হন না; পার্থক্যটা বোঝা জরুরি।

মুমতাজের ব্যাখ্যাও বেশ পরিষ্কার। তার মতে, বলিউডে ‘তারকা’ শব্দটি এখন অনেকটাই ঢিলেঢালাভাবে ব্যবহার করা হয়। তিনি উদাহরণ হিসেবে তুলে আনেন দিলীপ কুমার, দেব আনন্দ ও শাম্মি কাপুরের নাম। মুমতাজের ভাষায়, তারা ছিলেন প্রকৃত অর্থেই ‘তারকা’, যাদের উপস্থিতিই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করত।

মুমতাজের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, তিনি ‘তারকা’ বলতে শুধু অভিনয়দক্ষতাকে বোঝান না; বরং দর্শক-আকর্ষণ, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা— সব মিলিয়ে একটি সামগ্রিক উপস্থিতিকেই গুরুত্ব দেন। সে তুলনায় সঞ্জীব কুমারকে তিনি দেখছেন অসাধারণ শিল্পী হিসেবে, যিনি চরিত্রভিত্তিক ও সহ-অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভা প্রমাণ করেছেন, কিন্তু তারকাখ্যাতির সেই উচ্চতায় পৌঁছাননি।

মুমতাজ আরো বলেন, ‘আমি কোথায় ভুল বলেছি? আমি তো অস্বীকার করছি না যে তিনি দুর্দান্ত অভিনেতা ছিলেন। কিন্তু একজন তারকা আর একজন অভিনেতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে।’

জিনাত আমানকে নিয়ে মুমতাজের মন্তব্যও কম বিতর্ক তৈরি করেনি। তিনি প্রশ্ন তোলেন, ‘তিনি (জিনাত আমান) কতগুলো পুরস্কার জিতেছেন?’

এ মন্তব্য অনেকের কাছে কঠোর মনে হলেও মুমতাজের দৃষ্টিতে এটি ছিল মূল্যায়নের একটি মানদণ্ড। তার মতে, অভিনয়ের স্বীকৃতি হিসেবে পুরস্কারও একটি গুরুত্বপূর্ণ সূচক।

অনেকেই মনে করছেন, সঞ্জীব কুমার কিংবা জিনাত আমানের মতো শিল্পীদের অবদানকে এভাবে ছোট করে দেখা ঠিক নয়। আবার অন্য একটি অংশ বলছে, মুমতাজ তার নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি থেকেই কথা বলেছেন, যা নিয়ে ভিন্নমত থাকতেই পারে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন