Logo

বিনোদন

টপ অ্যাঙ্গেল ভিডিওর শিকার সিয়ামের স্ত্রীর পাশে পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:০৯

টপ অ্যাঙ্গেল ভিডিওর শিকার সিয়ামের স্ত্রীর পাশে পরীমনি

পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকে লক্ষ্য করে অশালীনভাবে ভিডিও ধারণের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর ও ক্যামেরাম্যানদের একাংশের অপেশাদার আচরণে ক্ষুব্ধ হয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। অবন্তীর সাহসী অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি অভিযুক্তদের রীতিমতো ধমক দিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী। সেখানে কিছু ব্যক্তি তাঁকে খুব কাছ থেকে এবং অস্বাভাবিক উচ্চতায় (টপ অ্যাঙ্গেল) ক্যামেরা ধরে ভিডিও করছিলেন। এই ধরনের ভিডিও ধারণ করাকে অস্বস্তিকর ও অশালীন হিসেবে চিহ্নিত করে অবন্তী তাৎক্ষণিক প্রতিবাদ জানান। তিনি বিনয়ের সঙ্গে অনুরোধ করেন যেন তাঁকে ওভাবে ভিডিও না করা হয় এবং স্পষ্ট জানিয়ে দেন, অনুরোধ অমান্য করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একটি অংশ অবন্তীর পাশে দাঁড়ালেও, অন্য একটি অংশ তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করে। অনেকের দাবি ছিল, পোশাকের কারণেই এমন ভিডিও করা হয়েছে।

তর্ক-বিতর্কের এই পরিস্থিতিতে চুপ থাকেননি চিত্রনায়িকা পরীমনি। তিনি অবন্তীর পাশে দাঁড়িয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, আহারে… কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই হলো, ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ। দুনিয়ার সব দোষ তার।

ভিডিওর নিচে আসা বিরূপ মন্তব্যের জবাবে ক্ষোভ উগরে দিয়ে পরী আরও লেখেন, এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো— এমন কাপড় কেন পরছে তাইলে ক্যামেরার সামনে’! মানে সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি। আমরা তো শয়তান লোক, আমরা তো শুধু ওসবই দেখি চোখে।

সচরাচর ক্যামেরার সামনে চলাফেরা করা তারকাদের এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয় উল্লেখ করে পরীমনি বলেন, অবন্তীর মতো শান্ত স্বভাবের মানুষ যখন প্রতিবাদ করেছে, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা সহ্যের বাইরে ছিল। তিনি ভবিষ্যতে এমন আচরণের শিকার হলে নিজে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দেবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বাড়ি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।

পরীমনি ও অবন্তীর এই অবস্থানের পর নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, প্রযুক্তির অপব্যবহার করে অন্যের ব্যক্তিগত সীমানা বা প্রাইভেসি’ লঙ্ঘন করা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী সেলিব্রিটি বা তাঁদের পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করাকে অপরাধ হিসেবে দেখছেন সচেতন মহল। পরীমনি এই বার্তার মাধ্যমে কেবল অবন্তীকেই সমর্থন দেননি, বরং বিনোদন জগতের সকল নারীর পক্ষ থেকে অপেশাদার কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি একটি কড়া বার্তাও পৌঁছে দিয়েছেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন