Logo

বিনোদন

চিরুনি আর পারফিউমই ছিল নিত্যসঙ্গী: ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২০:১৩

চিরুনি আর পারফিউমই ছিল নিত্যসঙ্গী: ফারিণ

তাসনিয়া ফারিণ

গ্ল্যামার জগতের চাকচিক্য আর ক্যামেরার সামনের নিখুঁত লুক—একজন অভিনেত্রীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই কৃত্রিমতার ভিড়েও নিজের সহজাত সৌন্দর্য আর আত্মবিশ্বাসকে প্রাধান্য দিতে চান অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সম্প্রতি নিজের সাজগোজ ও মেকআপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা কাটাছেঁড়ার প্রেক্ষিতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, মেকআপহীন সাধারণ লুকে থাকতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তাসনিয়া ফারিণ জানান, মেকআপের প্রতি তার কোনোকালেই বাড়তি কোনো টান ছিল না। সাধারণ মধ্যবিত্ত বেড়ে ওঠায় ড্রেসিং টেবিলভর্তি প্রসাধনীর চেয়ে চিরুনি আর পারফিউমই ছিল তার নিত্যসঙ্গী। ফারিণ বলেন, বড় হওয়ার সময় মেকআপ নিয়ে আমার তেমন কোনো মাথাব্যথা ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে মায়ের লিপস্টিক ব্যবহার করতাম, এটুকুই। সত্যি বলতে, মেকআপ করার প্রয়োজন আমি কখনোই অনুভব করিনি।’

পেশাদার অভিনয় জীবনে পা রাখার পর মেকআপের প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেন ফারিণ। চরিত্রের প্রয়োজনে কখনো তাকে হতে হয়েছে অতি সাধারণ, আবার কখনো জমকালো সাজে পর্দায় হাজির হতে হয়েছে।

এই রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, বিনোদন জগতে আসার পর আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি মেকআপ কী বা এটি কীভাবে কাজ করে। কাজের প্রয়োজনে সব ধরনের লুকই ট্রাই করেছি। নতুন নতুন সাজগোজ করতে আমি পছন্দও করি, তবে দিনশেষে সবচেয়ে বেশি শান্তি পাই যখন মুখে কোনো মেকআপ থাকে না।’

গ্ল্যামার ওয়ার্ল্ডের একটি অলিখিত নিয়ম হলো সবসময় নিজেকে নিখুঁত’ বা পারফেক্ট হিসেবে উপস্থাপন করা। ফারিণ স্বীকার করেছেন যে, কর্মক্ষেত্রে গেলে তার মধ্যেও এই প্রবণতা কাজ করত। নিজেকে নির্দিষ্ট একটি ছাঁচে ফেলার যে তাগিদ, সেটি তাকে মানসিকভাবে প্রভাবিত করত। তবে এখন থেকে সেই ধারা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি। ফারিণ বলেন, কর্মক্ষেত্রে গেলে নিখুঁত দেখার একটা প্রবণতা কাজ করে। নিজেকে নির্দিষ্ট একটি ধরনে উপস্থাপনের তাগিদ অনুভব করি। এবার আমি সেটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি সেভাবেই নিজেকে তুলে ধরব যেভাবে থাকলে আমি আত্মবিশ্বাসী বোধ করি। যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, এমন কিছু আমি জোর করে চাপিয়ে নেব না।’

ফারিণের এই বক্তব্য কেবল মেকআপের সীমাবদ্ধ নয়, বরং এটি তার জীবনদর্শনের একটি প্রতিফলন।

তিনি স্পষ্ট করেছেন যে, অন্যের পছন্দ বা সমাজের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী নিজেকে না সাজিয়ে নিজের স্বকীয়তা বজায় রাখাই তার লক্ষ্য। বাইরে যাওয়া বা ব্যক্তিগত ভ্রমণে তিনি প্রায়ই মেকআপ ছাড়া ছবি পোস্ট করেন, যা অনেক সময় সমালোচনার শিকার হয়।

কিন্তু ফারিণ মনে করেন, কৃত্রিম প্রলেপের চেয়ে একজন মানুষের আসল ব্যক্তিত্বই তার বড় পরিচয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের এই স্বীকারোক্তি ইতিমধ্যে প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন