Logo

বিনোদন

গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:০৯

গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা

রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউড এবং এবার আন্তর্জাতিক মঞ্চ—রাশমিকা মান্দানার জয়রথ যেন থামছেই না। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে '১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস'। বিশ্বজুড়ে অ্যানিমে প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই আয়োজনে এবার সঞ্চালক হিসেবে মঞ্চ মাতাবেন এই ভারতীয় তারকা।

এটি রাশমিকার জন্য দ্বিতীয়বারের মতো এই মঞ্চে ফেরা। এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। এবারের আসরে তার উপস্থিতি আরও বিশেষ হতে যাচ্ছে, কারণ তার সঙ্গে মঞ্চে বড় আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি সারা বিশ্বে 'দ্য উইকেন্ড' নামে পরিচিত। রাশমিকা ও দ্য উইকেন্ডের এই যৌথ উপস্থিতি অনুষ্ঠানটিতে যোগ করবে এক অনন্য মাত্রা।

ব্যক্তিগত জীবনেও সময়টা বেশ রঙিন যাচ্ছে এই অভিনেত্রীর। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর হানিমুন সেরে সম্প্রতি কাজে ফিরেছেন তিনি।

রাশমিকাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে 'দ্য গার্লফ্রেন্ড' সিনেমায়, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে এই অভিনেত্রীর হাতে রয়েছে একগুচ্ছ বড় প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা 'ককটেল টু'।

এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে শাহিদ কাপুরকে, আরও আছেন কৃতি শ্যানন। এ ছাড়া চলতি বছরই মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকার দুটি তেলেগু সিনেমা 'মাইসা' ও 'রণবালী'।

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাশমিকার এই নিরবচ্ছিন্ন সাফল্য তাকে বর্তমান প্রজন্মের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকায় পরিণত করেছে। জাপানের এই বড় আসরে ভারতের প্রতিনিধিত্ব করা রাশমিকার ক্যারিয়ারে নিঃসন্দেহে আরও একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাশমিকা মান্দানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন