দক্ষিণী মেগাস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল আগামী ৪ জুন। তবে শেষ মুহূর্তে এসে নির্মাতারা সিনেমাটির মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববাজারে বড় ধরনের ডিস্ট্রিবিউশন ডিল এবং আন্তর্জাতিক অঙ্গনে একযোগে মুক্তির লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।
সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমা প্রদর্শকদের
বার্ষিক আয়োজন ‘সিনেমা কন’-এ
সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক পরিবেশকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কেভিএন
প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, বিশ্বজুড়ে সঠিক প্রভাব তৈরি করতে
এবং আন্তর্জাতিক পার্টনারশিপগুলো চূড়ান্ত করতেই কিছুটা সময় নেওয়া হচ্ছে।
বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে
এক বার্তায় ভক্তদের এই সিদ্ধান্তের কথা জানান যশ নিজেই। অভিনেতা ও প্রযোজক হিসেবে
দায়িত্বশীলতার কথা উল্লেখ করে তিনি লিখেন, “কিছু সিনেমা শুধু নির্মাণের জন্য হয় না,
বরং সিনেমাকে কেন আমরা ভালোবাসি তা মনে করিয়ে দেওয়ার জন্য হয়। ‘টক্সিক’ তেমনই এক যাত্রা। বর্তমান সময়ে
যখন ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করছে, তখন আমাদের ওপর দায়বদ্ধতা
থাকে সিনেমার মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার।”
যশ আরও নিশ্চিত করেছেন যে, সিনেমাটি বর্তমানে
সম্পূর্ণ প্রস্তুত। ৪ জুন মুক্তি না পেলেও খুব শীঘ্রই বিশ্বব্যাপী সমন্বিত একটি নতুন
তারিখ ঘোষণা করা হবে। এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির
মুক্তি গত ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন করা হয়েছিল। এটি সিনেমাটির দ্বিতীয় দফা মুক্তির
তারিখ পরিবর্তন।
গীতু মোহানদাস পরিচালিত এই বিগ বাজেটের
সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করেছেন একঝাঁক তারকা—নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা
কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে
নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে বাংলা, হিন্দি, তামিল ও তেলুগুসহ অন্যান্য ভাষায়
ডাব করে মুক্তি দেওয়া হবে। যশের এই নতুন অবতার বিশ্বমঞ্চে কতটা দাপট দেখাতে পারে, এখন
সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের খবর/এম.আর

