Logo

বিনোদন

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:২৮

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

রাঢ়াঙ

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ১ মে রাজধানীজুড়ে থাকছে নাট্যকর্মীদের বিশেষ পদচারণা। রাজপথ থেকে শুরু করে মঞ্চ—সবখানেই নাটকের মাধ্যমে শ্রমিকের অধিকার ও মানবিকতার জয়গান গাইতে প্রস্তুতি নিয়েছে ঢাকার নাট্যদলগুলো। বিশেষ করে আরণ্যক নাট্যদলের ঐতিহ্যবাহী মে দিবস উদযাপন এবং বটতলার পরিবেশবাদী শিশুতোষ নাটক এবারের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে।

১৯৮২ সাল থেকে টানা ৪৪ বছর ধরে মহান মে দিবস পালন করে আসছে আরণ্যক নাট্যদল। সেই ধারাবাহিকতায় আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যকের আয়োজনের প্রথম পর্ব। এই পর্বে মে দিবসের বিপ্লবী গান, আবৃত্তি এবং ভাবনগর সাধুসঙ্গের শিল্পীদের পরিবেশনায় বাউল গান পরিবেশিত হবে।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। আলোচনার পর মঞ্চস্থ হবে প্রয়াত নাট্যকার মান্নান হীরা রচিত ও নির্দেশিত জনপ্রিয় পথনাটক মূর্খ লোকের মূর্খ কথা’। নাটকটির মাধ্যমে সমাজের অসঙ্গতি ও সাধারণ মানুষের সহজ-সরল জীবনবোধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

আরণ্যকের আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। সেখানে সংগীত পরিবেশনার পর মঞ্চস্থ হবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত কালজয়ী নাটক রাঢ়াঙ’।

সাঁওতাল বিদ্রোহ ও মেহনতি মানুষের জীবন সংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত এই নাটকটি আরণ্যকের অন্যতম দর্শকনন্দিত প্রযোজনা। এ ছাড়াও দিবসটি উপলক্ষে প্রকাশিত হবে বিশিষ্টজনদের লেখাসংবলিত বিশেষ পত্রিকা মে দিবসের কাগজ’।

অন্যদিকে, মে দিবস উপলক্ষে শিশুদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছে নাট্যদল বটতলা। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৪টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটক বন্যথেরিয়াম’। এটি সুকুমার রায়ের অমর সৃষ্টি হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে নির্মিত। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। নাটকটির গল্প আবর্তিত হয়েছে এক অদ্ভুত প্রাণীকে ঘিরে মানুষের সীমাহীন লোভ ও প্রকৃতি ধ্বংসের প্রবণতাকে কেন্দ্র করে।

ওয়াইল্ড ভিশন নামের একটি সংস্থা একটি বিরল ট্যাঁশ গরু’ ধরে নিয়ে আসার পর শুরু হয় করপোরেট বাণিজ্য ও মুনাফার খেলা। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি এতে রয়েছে গভীর মানবিক বার্তা। প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগনে চন্দ্রখাইয়ের গল্পের মধ্য দিয়ে নাটকটি এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন