আরিয়ানা গ্রান্ডে
বিশ্বখ্যাত মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে তার অষ্টম স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ‘পেটাল’ নামের এই বহুল প্রতীক্ষিত অ্যালবামটি আগামী ৩১ জুলাই ‘রিপাবলিক রেকর্ডস’-এর ব্যানারে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। নতুন এই অ্যালবামটিকে আরিয়ানা বর্ণনা করেছেন প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হওয়া এবং প্রাণের স্পন্দনে জেগে ওঠার এক কাব্যিক উপাখ্যান হিসেবে।
আরিয়ানা গ্রান্ডের ভাষায়, ‘পেটাল’ অ্যালবামটি এমন কিছু যা জীবনশক্তিতে
ভরপুর এবং পাথরের কঠিন ফাটল ভেদ করেও বেড়ে ওঠার ক্ষমতা রাখে। জীবনের নানা চড়াই-উতরাই
পেরিয়ে টিকে থাকার গল্পই ফুটে উঠবে এই অ্যালবামের প্রতিটি গানে। অ্যালবামটির নির্বাহী
প্রযোজনা ও রচনায় আরিয়ানার সাথে কাজ করেছেন খ্যাতিমান সুইডিশ-পার্সিয়ান প্রযোজক ইলিয়া
সালমানজাদেহ। উল্লেখ্য, ইলিয়া এর আগেও আরিয়ানার সফল অ্যালবাম ‘ইটার্নাল সানশাইন’-এর নেপথ্যে কারিগর হিসেবে
কাজ করেছিলেন।
নতুন অ্যালবামের ঘোষণার পাশাপাশি আগামী
জুন মাস থেকে গ্রীষ্মকালীন ‘ওয়ার্ল্ড ট্যুর’ বা কনসার্ট সফরের সময়সূচিও প্রকাশ করেছেন এই গায়িকা।
তবে এই ঘোষণার মধ্যেই লুকিয়ে ছিল ভক্তদের জন্য একটি মন খারাপ করা বার্তা। আরিয়ানা জানিয়েছেন,
এই সফরটি হতে পারে দীর্ঘ সময়ের জন্য তার শেষ বড় কোনো কনসার্ট ট্যুর।
এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা স্পষ্ট
করে তিনি বলেন, “আমি আমার সর্বস্ব দিয়ে এই সফরটি করতে চাই। কারণ আমার মনে হচ্ছে, আগামী
অনেক দিনের মধ্যে এটাই হতে যাচ্ছে আমার শেষ কোনো বড় আয়োজন।” এই মন্তব্যের পর ভক্তদের
মনে শঙ্কা জেগেছে যে, সংগীত সফর থেকে হয়তো দীর্ঘ বিরতি নিতে যাচ্ছেন তাদের প্রিয় তারকা।
গত তিন বছর ধরে আরিয়ানা গ্রান্ডে ‘উইকেড’ চলচ্চিত্রের কাজ এবং নিজের আগের
প্রজেক্টগুলো নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে স্টুডিও অ্যালবামে
ফেরার খবরে বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের মাঝে বইছে আনন্দের জোয়ার। এখন দেখার বিষয়,
‘পেটাল’ অ্যালবামের
মাধ্যমে পপ সংগীতের এই রানী জনপ্রিয়তার কোন নতুন শিখরে পৌঁছান।
বাংলাদেশের খবর/এম.আর

