Logo

বিনোদন

বাংলা গানের আলো ছড়াতে চান কণ্ঠশিল্পী জেমি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:১৬

বাংলা গানের আলো ছড়াতে চান কণ্ঠশিল্পী জেমি

“সংগীত আমার রক্তে মিশে আছে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল প্রচণ্ড ঝোঁক। যতদিন বেঁচে আছি, সংগীতের সাথেই থাকতে চাই। বিশ্বময় বাংলা গান ছড়িয়ে দিতে চাই”—দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথাগুলো বলছিলেন সময়ের জনপ্রিয় ও প্রতিভাবান কণ্ঠশিল্পী জোহরা হোসাইন জেমি।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অসীম ভালোবাসা আর একাগ্রতা দিয়ে নিজের পথ তৈরি করেছেন জেমি। বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কণ্ঠের জাদুতে বারবার নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। বর্তমানে স্টেজ শো, বিভিন্ন টেলিভিশনের লাইভ অনুষ্ঠান এবং নিজের মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা জেমির সংগীতজীবনের সূচনা খুব অল্প বয়সেই। মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরেই সংগীতে তার প্রথম হাতেখড়ি। এরপর ওস্তাদ হীরেন দাসের কাছে ক্লাসিক্যাল সংগীতের তালিম নেন। পরবর্তীতে ২০১৪ সাল থেকে সংগীতগুরু সুজিত মোস্তফার কাছে নজরুল সংগীতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন।

সংগীতের প্রতি তার সাধনা ও নিষ্ঠার ফলও এসেছে বিভিন্ন সময়ে। ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো সেরাকণ্ঠ-২০১৪ এ সেরা ১৪ জনের একজন হওয়ার গৌরব অর্জন করেন জেমি। এর আগেও শাপলা কুঁড়ি এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা কণ্ঠশিল্পী হিসেবে কৃতিত্ব দেখিয়েছেন।

মৌলিক গানের জগতেও নিজের শক্ত অবস্থান তৈরির পথে এগিয়ে যাচ্ছেন তিনি। ২০২৫ সালে ‘বন্ধু কালা চাঁন’ শিরোনামের গান দিয়ে মৌলিক সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন জেমি। গানটির কথা লিখেছেন আজমল পলাশ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন।

এরপর তার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘তুমি স্বার্থপর’, ‘শয়তানি বেইমানি’, ‘বাংলা আমার মায়ের ভাষা’সহ আরও বেশ কয়েকটি মৌলিক গান, যা শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে।

জেমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ বেতার-এর তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন। এছাড়া ২০১৭ সালে তিনি বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভাল-এ অংশগ্রহণ করেন। তিনি একাধারে ক্লাসিক্যাল, আধুনিক, লোকগান ও নজরুল সংগীতে সমান দক্ষতা দেখিয়ে নিজেকে বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শিক্ষাজীবনেও সংগীতকেই বেছে নিয়েছেন জেমি। তিনি সরকারি সংগীত কলেজের লোকসংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

সংগীতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ সম্মাননা’।

বর্তমানে তার হাতে রয়েছে আরও তিনটি অপ্রকাশিত মৌলিক গান, যা শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।

নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে জেমি বলেন, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন সত্যিকারের সংগীতশিল্পী হওয়ার। সেই লক্ষ্য নিয়েই ছোটবেলা থেকে সংগীত সাধনা করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আজ পর্যন্ত সংগীতে আমার এগিয়ে আসার পেছনে বাবা-মা, শিক্ষাগুরু এবং পরিবারের সদস্যদের ভালোবাসা ও উৎসাহ সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই।”

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন