Logo

বিনোদন

আফরান নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দমেলা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ২০:৫৪

আফরান নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দমেলা’

নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর বিনোদন জগতের একঝাঁক মহাতারকাকে নিয়ে সেজেছে এবারের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই আয়োজনে এবার দর্শক মেলাবে এক নতুন সমীকরণ। এবারের আনন্দ মেলার প্রধান চমক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, যিনি প্রথমবারের মতো এই অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন।

গীতিকার কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি ঈদুল আজহার দিন রাত ১০টার ইংরেজি খবরের পর বিটিভিতে প্রচারিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আনন্দমেলার অন্যতম প্রধান আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে নিজের তুমুল জনপ্রিয় গান এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না নিয়ে নতুনভাবে মঞ্চে হাজির হবেন তিনি।

অন্যদিকে, উপমহাদেশের আরেক কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের স্মরণে কাল সারা রাত ছিল স্বপ্নের রাত গানটি পরিবেশন করবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই দুই গানের বিশেষ নৃত্যাংশে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী এবং শাওন।

অনুষ্ঠানে আরও থাকছেন পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদ, যিনি তার কালজয়ী গান এমন একটা মা দে না নতুন আঙ্গিকে পরিবেশন করবেন। এছাড়া কবির বকুলের কথায় এবং ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে নতুন গান কৃষ্ণচূড়া নিয়ে মঞ্চ মাতাবেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল।

গানের পাশাপাশি দর্শকদের চোখের পলক আটকে দিতে থাকছে তারকাদের জমকালো সব নৃত্য পরিবেশনা। রূপনগরের রাজকন্যা গানের চিরচেনা তালে নাচবেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর নজরুল সংগীত দূর দ্বীপবাসিনীর আধুনিক ফিউশনে প্রথমবারের মতো একসঙ্গে পারফর্ম করবেন ছোটপর্দার দুই শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এই নৃত্যগুলোর কোরিওগ্রাফি ও পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও তার দল নৃত্যভূমি

চলচ্চিত্র তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। দর্শকদের সরাসরি অংশগ্রহণে রঙ শিরোনামের একটি বিশেষ পর্বে হাজির হবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পাশাপাশি বিনোদন অঙ্গনের তরুণ তারকাদের বুদ্ধি ও মেধার লড়াই নিয়ে থাকছে একটি বিশেষ কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

ঈদের আমেজে হাস্যরসের জোগান দিতে কৌতুক পর্বে থাকছেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি। এ ছাড়া বিভিন্ন নাট্য ও কৌতুক রসে ভরপুর পর্বে অংশ নিচ্ছেন শক্তিমান অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া।

পাশাপাশি অ-মানুষ শিরোনামের একটি বিশেষ ও ব্যতিক্রমী স্টেজ পারফরম্যান্সে দর্শকদের চমকে দিতে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন। গান, নৃত্য, কৌতুক, কুইজ ও তারকাদের ভিন্নধর্মী এই মহামিলন মেলা ঈদের দিন দর্শকদের জন্য অন্যতম সেরা বিনোদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিটিভির প্রযোজক আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন