ডয়রিন গারিহি
জনপ্রিয় আইরিশ রেডিও উপস্থাপক ও পডকাস্টার ডয়রিন গারিহি তাঁর নতুন উইকডে মর্নিং শো নিয়ে শ্রোতাদের মাঝে দারুণভাবে ফিরে এসেছেন। শ্রোতাদের সাথে আড্ডা দেওয়া, হাসিখুশি গল্পে মেতে ওঠার পাশাপাশি নতুন মাতৃত্বের স্বাদ—সব মিলিয়ে জীবনের এক ব্যস্ত ও চমৎকার সময় পার করছেন এই তারকা।
সম্প্রতি আরটিই গাইড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর পেশাদার ও পারিবারিক জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
রেডিওতে ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত ডয়রিন
বলেন, "রেডিওতে ফিরতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমি রেডিওকে ভীষণ ভালোবাসি।
এই নির্দিষ্ট টাইম স্লটে (সকালের শো) একটি অনুষ্ঠান করা সবসময়ই আমার স্বপ্ন ছিল।"
রেডিওর পাশাপাশি তাঁর জনপ্রিয় পডকাস্ট ‘দ্য লাফস অব ইয়োর
লাইফ’-এর লাইভ ট্যুর
নিয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।
পেশাগত ব্যস্ততার বাইরে ঘরেও এখন ডয়রিনের
পুরো সময় কাটছে তাঁর ছয় মাস বয়সী কন্যাসন্তান রোজির সঙ্গে। কৌতুক অভিনেতা মার্ক মেহিগানের
সাথে ঘর বাঁধা ডয়রিনের এটিই প্রথম সন্তান। মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন,
রোজি আমার জীবনের পরম আনন্দ। ও এত দ্রুত বড় হয়ে যাচ্ছে যে, সেদিন আমার এক বন্ধুর কোলে
ওকে দেখে চমকে উঠেছিলাম—ও আসলেই কত বড় হয়ে গেছে! এখন অনেক সময়
তিন-চার ঘণ্টাও কেটে যায় অথচ আমি জানি না আমার ফোনটা কোথায় আছে! মা হওয়ার আগে এমনটা
ভাবাই যেত না। তাই সামাজিক যোগাযোগমাধ্যম বা ইনস্টাগ্রামে সবসময় সক্রিয় থাকার যে মানসিক
চাপ, তা এখন আর আমি অনুভব করি না।
সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন
শেয়ার করার ক্ষেত্রে এখন অনেকটাই সচেতন ডয়রিন। তিনি জানান, এমন কিছুই তিনি শেয়ার করেন
যা অন্য কারো উপকারে আসতে পারে। যেমন, রোজি এখন বেশ ভালো ঘুমাচ্ছে, কিন্তু অন্য মায়েদের
মনে যেন কোনো হীনম্মন্যতা তৈরি না হয়, সেজন্য ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে তিনি খুব একটা
আলোচনা করেন না।
এই নতুন যাত্রায় ডয়রিন পাশে পেয়েছেন তাঁর
পরিবারকে। ডাবলিনের ক্যাসলনক-এ বসবাসরত তাঁর বাবা-মা এবং দুই বোন—আইলভে ও ইভন
(যিনি ‘ফেয়ার সিটি’ নাটকের মাধ্যমে
অভিনেত্রী হিসেবে পরিচিত)—তাঁকে প্রতিনিয়ত সহযোগিতা ও মানসিক সমর্থন
দিয়ে যাচ্ছেন। জীবনের এই গতি ও ব্যস্ততার মাঝে স্বামী মার্ক মেহিগানের শান্ত স্বভাবও
তাঁকে দারুণভাবে সাহায্য করে বলে জানান ডয়রিন গারিহি।
বাংলাদেশের খবর/এম.আর

