Logo

বিনোদন

কর ফাঁকির অভিযোগ খালাস

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ২০:৫৭

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

শাকিরা

দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা, আইনি লড়াই আর তীব্র পাবলিক স্ক্রুটিনির অবসান ঘটিয়ে অবশেষে বড় জয় পেলেন কলম্বিয়ান পপ সাম্রাজ্ঞী শাকিরা। স্পেনের উচ্চ আদালত (ন্যাশনাল কোর্ট) এই বিশ্বখ্যাত গায়িকাকে কর ফাঁকির বড় অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন।

একই সঙ্গে শাকিরার কাছ থেকে অন্যায় ও অবৈধভাবে নেওয়া ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৫ কোটি টাকা) সুদ ও মামলার খরচসহ ফেরত দেওয়ার জন্য দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিনের বেশি বসবাস করেছিলেন, যা দেশটির আইন অনুযায়ী কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তবে মাদ্রিদভিত্তিক উচ্চ আদালত এই মামলার রায়ে স্পষ্ট জানিয়েছেন, কর কর্তৃপক্ষ তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট বা অকাট্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আদালতের হিসাব অনুযায়ী, ২০১১ অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন, যা কর দেওয়ার নির্ধারিত সময়সীমা থেকে ২০ দিন কম। ফলে তার ওপর আরোপিত জরিমানাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফেরতযোগ্য এই বিশাল অঙ্কের অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪.৭ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৪.৯ মিলিয়ন ইউরো) জরিমানা। এছাড়া এর সাথে ব্যাংক সুদ ও সম্পূরক ওয়েলথ ট্যাক্স যুক্ত থাকায় মোট ফেরতের পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন ইউরো বা ৮ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন শাকিরার আইনজীবী হোসে লুইস প্রাদা।

স্প্যানিশ কর কর্তৃপক্ষ শাকিরাকে স্পেনের করদাতা হিসেবে প্রমাণ করতে সে সময় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, সাক্ষীদের জবানবন্দি, এমনকি তার হেয়ারড্রেসার (চুলবিন্যাসকারী) ও প্রতিবেশীদের বক্তব্যও প্রমাণ হিসেবে হাজির করেছিল। তৎকালীন সময়ে বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে শাকিরার সম্পর্কের বিষয়টিকেও সামনে আনা হয়। তবে আদালত স্পষ্ট জানান, এই সম্পর্ককে বিয়ের সমতুল্য বলা যায় না এবং শাকিরা বিশ্ব ট্যুরে ব্যস্ত থাকায় তার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু সে বছর স্পেন ছিল না।

ঐতিহাসিক এই রায়ের পর এক আবেগঘন বিবৃতিতে শাকিরা বলেন, আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। গত আটটি বছর ধরে আমার সুনাম নষ্ট করার জন্য একটি সুপরিকল্পিত ও নিষ্ঠুর প্রচারণা চালানো হয়েছে। আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার মারাত্মক প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে।

এখানে কোনো কর ফাঁকি দেওয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি, কারণ পুরো বিষয়টিই ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। মূলত সাধারণ করদাতাদের মনে ভয় ধরানোর জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে আমার নাম ও ভাবমূর্তি ব্যবহার করা হয়েছিল। আজ সেই সাজানো গল্প ভেঙে চুরমার হয়ে গেল।

উল্লেখ্য, স্পেনের কর বিভাগের সাথে শাকিরার এটিই একমাত্র মামলা নয়। এর আগে ২০১২ থেকে ২০১৪ সালের কর ফাঁকির আরেকটি মামলায় ২০২৩ সালে শাকিরা প্রায় ১৪.৫ মিলিয়ন ইউরো কর পরিশোধ এবং ৭.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে কারাদণ্ড এড়াতে একটি সমঝোতায় এসেছিলেন। তবে ২০১১ সালের এই মামলার জয় শাকিরার জন্য বড় একটি নৈতিক ও আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ কর বিভাগ ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ একাধিক বিশ্বখ্যাত তারকার বিরুদ্ধে কর ফাঁকির কঠোর ব্যবস্থা নিয়েছিল, যেখানে শাকিরা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে নিজের নিরপরাধিতা প্রমাণ করলেন।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন