শ্রীলীলা
দক্ষিণ ভারতীয় সিনেমার বর্তমান সময়ের অন্যতম শীর্ষ জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী শ্রীলীলা। গত কয়েকদিন ধরে রুপালি পর্দার এই গ্ল্যামার কন্যার ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
ভারতের তরুণ ও উদীয়মান ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ঘিরে নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। ইনস্টাগ্রাম, রেডিট ও এক্সে (টুইটার) ভক্তদের নানা সমীকরণ ও দাবির পর অবশেষে এই হাই-প্রোফাইল গুঞ্জনে পানি ঢেলেছেন স্বয়ং অভিনেত্রীর মা।
শ্রীলীলার মা খ্যাতনামা গাইনোকোলজিস্ট
ড. স্বর্ণলতা এক সাক্ষাৎকারে এই খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, “এসব খবরের একটুও
সত্যতা নেই, পুরো বিষয়টিই সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।”
মূলত মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের
একটি ভাইরাল ভিডিও থেকে এই জল্পনার সূত্রপাত। ভিডিওটিতে ভারতীয় জাতীয় দলের তারকা ব্যাটার
সূর্যকুমার যাদবকে হোটেল লবিতে হেডফোন পরে হেঁটে যাওয়া সতীর্থ তিলক বর্মাকে উদ্দেশ্য
করে মজা করে বলতে শোনা যায়, ‘তিলক বর্মা ইজ ইন লাভ’ (তিলক প্রেমে
পড়েছে)। সূর্যকুমার কোনো নাম উল্লেখ না করলেও, নেটিজেনদের ‘ডিটেকটিভ মাইন্ড’ মুহূর্তেই এটিকে
শ্রীলীলার সঙ্গে জুড়ে দেয়।
দাবি ওঠে, গত এক বছর ধরে তারা গোপনে প্রেম
করছেন। গুঞ্জনকে আরও উসকে দিতে নেটিজেনরা কিছু কাকতালীয় ঘটনাকে সামনে নিয়ে আসেন। ২০২৩
সালের ডিসেম্বরের দিকে মা স্বর্ণলতার সঙ্গে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে গিয়েছিলেন
শ্রীলীলা, একই সময়ে সেখানে তিলক বর্মাও সপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়া সদ্য সমাপ্ত
আইপিএলে ধর্মশালায় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালে গ্যালারিতে
শ্রীলীলার মাকে দেখা যায়।
ভক্তদের আরও দাবি, ওয়ানখেড়ে স্টেডিয়ামে
শ্রীলীলার টিমের একজন সদস্য নাকি ‘তিলক’ লেখা জার্সি
পরেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ফলো করা ও পরে আনফলো করার মতো নানা ‘তত্ত্ব’ দিয়ে সম্পর্কের
জাল বোনার চেষ্টা করেন ভক্তরা।
এই গুজব ডালপালা মেলার পরই শ্রীলীলার টিমের
পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, “শ্রীলীলা ও তিলক
ব্যক্তিগতভাবে একে অপরকে চেনেনই না। এমনকি তাদের কোনোদিন দেখাও হয়নি, কথাও হয়নি। কোনো
প্রমাণ ছাড়া এমন মনগড়া গল্প ছড়ানো অনুচিত।”
মেয়ের ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে
গিয়ে ড. স্বর্ণলতা জানান, শ্রীলীলা কেবল একজন সফল অভিনেত্রীই নন, তিনি একজন এমবিবিএস
গ্র্যাজুয়েট (ডাক্তার)। আগামী জুনে তার ‘নিট-পিজি’ উচ্চতর চিকিৎসা
বিজ্ঞান পরীক্ষা। বর্তমানে ও সামনে থাকা কঠিন মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ওর
পুরো মনোযোগ এখন শুধু পড়াশোনা আর নতুন সিনেমা নিয়ে। ব্যক্তিগত সম্পর্ক বা বিয়ে নিয়ে
ভাবার জন্য ওর সামনে এখনো অনেক বছর সময় পড়ে আছে।”
কৌতূহলোদ্দীপক বিষয় হলো, এর আগে বলিউডের
কার্তিক আরিয়ানের সঙ্গেও শ্রীলীলার নাম জড়ানো হয়েছিল। সে প্রসঙ্গে ড. স্বর্ণলতা হেসেই
উড়িয়ে দিয়ে বলেন, “কার্তিকের মা-ও একজন গাইনোকোলজিস্ট। সেই
পেশাগত সূত্রে আমাদের যোগাযোগ, অথচ লোকে সেখানেও প্রেমের গল্প বানিয়ে ফেলল!”
ব্যক্তিগত জীবন নিয়ে এমন চড়াই-উতরাইয়ের
মধ্যেও ক্যারিয়ারে দুর্দান্ত গতিতে ছুটছেন শ্রীলীলা। খুব শিগগিরই বলিউডের নামী নির্মাতা
অনুরাগ বসুর একটি মিউজিক্যাল রোমান্টিক ড্রামায় কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান চরিত্রে
অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়া তামিল সুপারস্টার ধানুশের
পরবর্তী হাই-প্রোফাইল সিনেমা ‘ডি৫৫’ -এও চুক্তিবদ্ধ
হয়েছেন তিনি।
অন্যদিকে, ২২ বছর বয়সী তিলক বর্মাও ভারতীয়
ক্রিকেট দলে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নিজের ধারাবাহিক পারফরম্যান্স
ধরে রেখে সম্প্রতি ‘ইন্ডিয়া-এ’ দলের অধিনায়ক
নির্বাচিত হয়েছেন। বিনোদন ও ক্রীড়া জগতের দুই তারকাই এখন নিজ নিজ ক্যারিয়ারের মধ্যগগনে
অবস্থান করছেন।
বাংলাদেশের খবর/এম.আর

