Logo

বিনোদন

রামিসা হত্যায় শোবিজ অঙ্গনে প্রতিবাদের ঝড়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:০৪

রামিসা হত্যায় শোবিজ অঙ্গনে প্রতিবাদের ঝড়

রামিসা আক্তার

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় তৈরি হওয়া ক্ষোভের আগুন এবার ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনকেও। ক্রীড়াবিদদের পর এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মিশু সাব্বিরসহ বিনোদন জগতের জনপ্রিয় তারকারা। অপরাধীদের রুহ কাঁপানো’ দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমাজে পুরুষের অসুস্থ মানসিকতা বদলের দাবি তুলেছেন তাঁরা।

জানাজার আগেই ধর্ষকের বিচার হতে হবে: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা এই জঘন্য অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের দ্রুততম সময়ে ফাঁসির দাবি তুলেছেন। ধর্ষণকারীদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়ে তীব্র আপত্তি তুলে ফেসবুকে তিনি লেখেন, ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না। কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ? নিহত রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে তমা বলেন, রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।”

শুধু কঠিন শাস্তিই নয়, অসুস্থ মানসিকতাও বদলাতে হবে:  মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ঘটনার পেছনের মূল কারণ খতিয়ে দেখার দাবি জানান। প্রতিদিন নারী ও শিশু নির্যাতনের খবরে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি উল্লেখ করে পিয়া বলেন, শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের সেই অসুস্থ মানসিকতাও বদলাতে হবে যেখান থেকে নারীর প্রতি সহিংসতা জন্ম নেয়। শুধু আইন দিয়ে এই অপরাধগুলো কমানো সম্ভব না।” নারীদের প্রতি পুরুষদের অবদমিত ক্ষোভ বা ফ্রাস্টেশন কীভাবে একটা বাচ্চার ওপর আসে, সেই প্রশ্ন তুলে এই আইনজীবী বলেন, এর পেছনে ভায়োলেন্ট পর্নগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি (বিষাক্ত পুরুষতন্ত্র), অনিয়ন্ত্রিত রাগ, ড্রাগ অ্যাবিউজ (মাদকাসক্তি) এবং চাইল্ডহুড ট্রমা কাজ করে। একটি ছেলের মধ্যে যখন এগুলো থাকে, তখনই তার বহিঃপ্রকাশ ঘটে নারী বা শিশুদের প্রতি। তিনি এখন থেকেই ছেলে শিশুদের সঠিক মানসিক স্বাস্থ্য ও আচরণ শেখানোর পরামর্শ দেন।

এই সার্কাস আর কত দিন: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে লেখেন, সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেফতার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কত দিন? বিচার ব্যবস্থার কঠোরতা দাবি করে তিনি লেখেন, বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে…।” পোস্টের শেষাংশে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সব বাবাদের ভয় এবং আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।”

ধর্ষকের ওপর মব জাস্টিস’ চাইলেন মিশু সাব্বির: জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট’-এর শুভ চরিত্রে অভিনয় করা টরন্টো প্রবাসী অভিনেতা মিশু সাব্বির এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ যে, তিনি অপরাধীর ওপর গণধোলাই বা মব জাস্টিসের দাবি তুলেছেন। অন্যান্য ক্ষেত্রে মব জাস্টিসকে সমর্থন না করলেও রামিসার হত্যাকারীর ক্ষেত্রে তিনি এর ব্যতিক্রম চান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই উগ্র ক্ষোভকে সমর্থন জানিয়েছেন হাজারো অনুরাগী। নেটিজেনদের মন্তব্য— এই ধরণের বিকৃত ও নিকৃষ্ট অপরাধীদের সাথে কোনো ধরণের মানবিক আবেগ দেখানো বা আইনি সুযোগ দেওয়া খোদ মানবতার পরিপন্থী।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঘাতক প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা সেবনকারী ঘাতক সোহেল রানা ইতিমধ্যেই আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্যাতনের ঘটনা ফাঁস হওয়ার ভয় থেকেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পরে লাশ গুমের উদ্দেশ্যে মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন