Logo

বিনোদন

ক্ষতি মেনে নিয়ে শোকের মধ্যে থাকাটা জরুরি: আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:০৮

ক্ষতি মেনে নিয়ে শোকের মধ্যে থাকাটা জরুরি: আমির খান

আমির খান

বলিউড মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। নিজের শেষ কয়েকটি সিনেমার ভরাডুবির পর এবার বড় ধাক্কা খেলেন প্রযোজক হিসেবেও। মে মাসের ১ তারিখে মুক্তি পেয়েছিল আমিরের ছেলে জুনেইদ খানের নতুন চলচ্চিত্র এক দিন’। আমির খান প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর।

তবে জুনেইদ-সাই পল্লবীর অভিনয় আমির খানের মন জয় করলেও, বক্স অফিসের রূঢ় সমীকরণ আমিরের সেই আশাটুকু পূরণ করতে পারেনি। দর্শক খরায় মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে সিনেমাটি।

ছেলের ক্যারিয়ারের শুরুতেই এমন চরম ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির এই ভরাডুবি নিয়ে মুখ খুলেছেন তিনি। সিনেমার এমন ব্যর্থতাকে সন্তান হারানোর বেদনা’র সঙ্গে তুলনা করে আমির খান বলেন, যখন আমার কোনো সিনেমা চলে না বা মানুষ যখন তা প্রত্যাখ্যান করে, তখন আমি দুই-তিন মাসের জন্য চরম হতাশায় (ডিপ্রেশন) ডুবে যাই। প্রতিটি সিনেমাই তো একজন নির্মাতার কাছে সন্তানের মতো। তাই সিনেমা ফ্লপ হওয়া মানে সন্তান হারানোর মতোই কষ্ট পাওয়া। আমার মনে হয়, এমন কঠিন সময়ে কষ্ট চেপে না রেখে কেঁদে ফেলা উচিত; নিজেকে সময় দেওয়া উচিত। কাঁদাটা ভালো, যাতে মনের ভেতরের কষ্টটা হালকা হয়ে ধুয়ে-মুছে বেরিয়ে যায় এবং মানুষ হিসেবে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।”

আমির খান জানান, কিছু সিনেমার শুটিং চলাকালীন বা প্রথম এডিটিং (ফার্স্ট কাট) দেখার সময়ই আঁচ করা যায় যে সিনেমাটি সফল হবে কি না। জুনেইদের এই ছবিটির গল্প তাঁর বেশ ভালো লেগেছিল এবং ভেবেছিলেন দর্শক এটি গ্রহণ করবেন। তবে নিজের ক্যারিয়ারে প্রথম দৃশ্য দেখার পর যদি পছন্দ না হয়, তবে তিনি নিজেকে বোকা না ভেবে নতুন করে চিন্তাভাবনা শুরু করেন এবং খামতিগুলো দূর করার চেষ্টা করেন।

২৫ কোটি রুপি বাজেটের এক দিন’ সিনেমাটি বক্স অফিসে মাত্র ৫ কোটি রুপির মতো ব্যবসা করতে পেরেছে। এটি জুনেইদ খানের ক্যারিয়ারের টানা দ্বিতীয় ব্যর্থতা। ছেলের ক্যারিয়ার নিয়ে আমিরের এই দুশ্চিন্তা ও মন খারাপের বিষয়টি জুনেইদ নিজেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। তবে পেশাগত জীবনের এই টানাপোড়েনের মাঝেও ব্যক্তিগত জীবনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে আমির খান বেশ সুখেই দিন কাটাচ্ছেন বলে বলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন