খলোয়ি কার্দাশিয়ান
ভুল পরামর্শের খেসারত দিতে হচ্ছে হলিউড রিয়ালিটি শো তারকা ও সফল নারী উদ্যোক্তা খলোয়ি কার্দাশিয়ানকে। নিজের আদরের দুটি বিড়ালের নখ অস্ত্রোপচার করে কেটে ফেলার পর এখন তীব্র অনুশোচনায় ভুগছেন ৪১ বছর বয়সী এই তারকা। নিজের পডকাস্ট ‘খলোয়ি ইন ওয়ান্ডারল্যান্ড’-এর সাম্প্রতিক পর্বে হাজির হয়ে খলোয়ি স্বীকার করেন, ভুল পরামর্শের কারণে নেওয়া ওই সিদ্ধান্তের পর থেকে তাঁর পোষা বিড়াল দুটি ভীষণ অসন্তুষ্ট ও অশান্ত হয়ে পড়েছে।
নখ কেটে ফেলায় বিড়াল দুটি তাদের আত্মরক্ষার
স্বাভাবিক ক্ষমতা হারিয়েছে। ফলে তাদের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকেন খলোয়ি।
তিনি জানান, তাঁর দুই বিড়াল— ‘গ্রে কিটি’ এবং ‘বেবি কিটি’র ঘরের দরজা দিয়ে বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। তারা ঘরের
বাইরে চলে গেলে কীভাবে নিজেদের রক্ষা করবে, তা ভেবেই তিনি শিউরে ওঠেন। তাই সারাক্ষণ
তাদের গলায় ট্র্যাকিং কলার (অবস্থান শনাক্তকারী বেল্ট) পরিয়ে রাখা হয়, যেন মুহূর্তের
জন্যও তারা চোখের আড়াল না হতে পারে।
প্রাক্তন সঙ্গী ট্রিস্টান থম্পসন এবং নিজের
দুই সন্তান— কন্যা ট্রু ও ছেলে ট্যাটামের কথা চিন্তা করে এই বিড়াল দুটিকে ঘরে এনেছিলেন
খলোয়ি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাঁর বিলাসবহুল বাড়িটি যেন এক ‘পশু সার্কাসে’ পরিণত হয়েছে। মূলত ‘বেবি কিটি’র আসার পর থেকেই ঘরে শুরু হয়
অস্থিরতা। নিজের এলাকা বা রাজত্ব বজায় রাখার লড়াইয়ে মেতে ওঠে বিড়াল দুটি, যার চূড়ান্ত
বহিঃপ্রকাশ ঘটে খলোয়ির বিছানায় মলমূত্র ত্যাগের মাধ্যমে।
বিছানা নষ্ট করার পেছনে আসলে কোন বিড়ালটি দায়ী, তা ধরতে ঘরে গোপন ক্যামেরা বসান খলোয়ি। ক্যামেরার ফুটেজে দেখা যায়, একসময়ের শান্ত ‘গ্রে কিটি’ এখন লক্ষ্মী হয়ে থাকলেও, ‘বেবি কিটি’ আক্ষরিক অর্থেই এক ‘দানব’ বা চরম অবাধ্য হয়ে উঠেছে। এই সমস্যা থেকে বাঁচতে পশু চিকিৎসক, ব্রিডার এমনকি এক 'পেট সাইকিক' বা অবলা প্রাণীর মনস্তত্ত্ববিদেরও শরণাপন্ন হয়েছেন খলোয়ি। সেই সাইকিকের পরামর্শে বিড়ালের জন্য একটি গোলাপি রঙের বিশেষ লিটার বক্স (মলমূত্র ত্যাগের পাত্র) কেনা হলেও কাজের কাজ কিছুই হয়নি; ঘরের পরিস্থিতি আগের মতোই অশান্ত রয়ে গেছে।
বিড়াল দুটির এই গৃহযুদ্ধের মাঝেই ঘরে রয়েছে খলোয়ির আরেক
পোষা প্রাণী— ‘পেপারমিন্ট’ নামের
একটি কালো ল্যাব্রাডর জাতের কুকুর, যা গত বছরের বড়দিনে তাদের পরিবারে যুক্ত হয়েছে।
সব মিলিয়ে, বিড়ালের নখ কাটার আফসোসের পাশাপাশি পোষা প্রাণীদের সামলাতে রীতিমতো হিমশিম
খাচ্ছেন এই কার্দাশিয়ান তারকা।
বাংলাদেশের খবর/এম.আর

