পরীমণি
ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময় জুড়েই খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রয়াত মাকে নিয়ে
এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি, যা ছুঁয়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের হৃদয়। পোস্টে
নিজের মাতৃত্বের অনুভূতির পাশাপাশি মায়ের প্রতি এক বুক হাহাকার প্রকাশ করেছেন পরীমণি।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখের
দিন কাটছে এই অভিনেত্রীর। সন্তানদের নানা খুনসুটি ও স্মৃতি মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে
ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার নিজের একমাত্র পুত্রসন্তান পুণ্যর অসুস্থতার কথা
জানিয়ে নিজের মায়ের স্মৃতিচারণ করলেন পরীমণি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন,
"আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে
সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।"
পরীমণির এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনায় ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই কষ্টের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।
একজন নেটিজেন লিখেছেন,
"মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার
কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার প্রকাশ।" আরেকজন মন্তব্যকারী
লিখেছেন, "মা তো মা-ই হয়, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা নেই।"
পরীমণির বয়স যখন মাত্র তিন বছর, তখন এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মা মারা যান। আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার মা সালমা সুলতানা। সে সময় মা-হারা শিশু পরীমণিকে (শৈশবের নাম স্মৃতি) তার বাবা মনিরুল ইসলাম রেখে আসেন নানাবাড়ি পিরোজপুরে। সেখানে নানা শামসুল হক গাজীর পরম স্নেহ ও তত্ত্বাবধানেই ছোটবেলা কাটে এই অভিনেত্রীর।
২০১৫ সালে
‘ভালোবাসা সীমাহীন’
সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় পরীর চলচ্চিত্রে অভিষেক হয়। তবে সিনেমা মুক্তির আগেই একসঙ্গে
দুই ডজনের মতো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে সে সময় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী।
বাংলাদেশের খবর/এম.আর

