Logo

বিনোদন

জন্মদিনের একদিন পর তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী ইসি ইরতেমের মৃত্যু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৬:১০

জন্মদিনের একদিন পর তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী ইসি ইরতেমের মৃত্যু

ছবি: সংগৃহীত

তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ওয়ান লাভ-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অভিনেত্রী ইসি ইরতেম। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকালে নিজ বাসায় অচেতন অবস্থায় ইসি ইরতেমকে পাওয়া যায়। সে সময় তিনি তার মায়ের সঙ্গে বাসায় ছিলেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরই পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেত্রী।

আইনজীবী গোক্কোয়ুন জানান, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকেই (হার্ট অ্যাটাক) মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর আত্মহত্যার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী। তিনি সবাইকে সংবেদনশীল এ সময়ে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ২০১৪ সালে তিনি ইয়াসার ইউনিভার্সিটির ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের ওপর পেশাদার প্রশিক্ষণ নেন।

তুরস্কের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত ইসি ইরতেমের আকস্মিক মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য ভক্ত ও সহকর্মী তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন