Logo

বিনোদন

পপ কিংবদন্তি বনি টাইলার আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:৩৯

পপ কিংবদন্তি বনি টাইলার আর নেই

বিশ্বসংগীত জগতে এক যুগের অবসান ঘটল। আশি ও নব্বইয়ের দশকের কালজয়ী ওয়েলশ সংগীতশিল্পী বনি টাইলার আর নেই। পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে। বনি টাইলারের পারিবারিক ও অফিশিয়াল টিমের পক্ষ থেকে বলা হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বনি পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে আকস্মিকভাবে মারা গেছেন। এই আকস্মিক ট্র্যাজেডি কাটিয়ে ওঠার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে গোপনীয়তা ও সহানুভূতি প্রত্যাশা করছি।

আইকনিক এই গায়িকার আসল নাম গেনর হপকিন্স হলেও বিশ্বজুড়ে তিনি বনি টাইলার’ নামেই পরিচিত ছিলেন। গত মে মাসে তার ফুসবুক পেজে জানানো হয়েছিল যে, অন্ত্রের জরুরি অস্ত্রোপচারের পর তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। গত ১৫ জুনের এক আপডেটে বলা হয়, তার কোমা কাটলেও শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং তিনি পর্তুগালের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে অবশেষে পরপারে পাড়ি জমালেন এই সুর সম্রাজ্ঞী। অথচ শারীরিক অসুস্থতা কাটিয়ে এ বছরের শেষদিকে আবারও মঞ্চে ফেরার পরিকল্পনা ছিল তার।

১৯৭০-এর দশকের শেষভাগে ক্যারিয়ার শুরু করলেও ১৯৮০-এর দশকে বিশ্বসংগীতের মঞ্চে ঝড় তোলেন বনি টাইলার। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত তার টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ গানটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্টের শীর্ষস্থান দখল করে ইতিহাস তৈরি করে। তাঁর সেই ভাঙা, খসখসে অথচ শক্তিশালী কণ্ঠস্বর কোটি শ্রোতার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

১৯৮৪ সালের জনপ্রিয় হলিউড সিনেমা ফুটলুজ’-এর হোল্ডিং আউট ফর আ হিরো’, ইটস আ হার্টঅ্যাক’এবং ইফ ইউ ওয়ার আ ওম্যান (অ্যান্ড আই ওয়াজ আ ম্যান)-এর মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। ২০১৩ সালে তিনি যুক্তরাজ্যকে প্রতিনিধিত্ব করে জনপ্রিয় ইউরোভিশন সং কনটেস্ট’-এ অংশ নিয়েছিলেন।

দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডসের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তাঁকে ব্রিটেনের অন্যতম শীর্ষ সম্মাননা মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাবে ভূষিত করা হয়।

পপ আইকনের আকস্মিক প্রয়াণে সংগীত বিশ্বসহ তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইওর্থ গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ওয়েলস আজ এক সত্যিকারের আইকনকে হারাল, যার গান লাখো মানুষের জীবনে আনন্দ এনে দিয়েছিল।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। ব্রিটিশ সংগীতশিল্পী রিক পারফিট জুনিয়র বনি টাইলারের সাথে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, আজকের দিনটি ভীষণ কষ্টের। তিনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি, প্রাণশক্তিতে ভরপুর এক অগ্নিকন্যা এবং এক পরম বন্ধু। ওপারে ভালো থেকো প্রিয় ব্রাইট আইজ’। তুমি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন