মোয়ানা এখন বাংলাদেশে
বিশ্বজুড়ে ১৬শ কোটি টাকা আয়ের পূর্বাভাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:৪৮
অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ এক চিরসবুজ ও আবেগের নাম। ২০১৬ সালে ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি যখন প্রথম রূপালি পর্দায় আসে, তখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন (৬৮ কোটি) ডলারের চোখধাঁধানো ব্যবসার পর, ২০২৪ সালের নভেম্বরে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’, যা আগের সব রেকর্ড ভেঙে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়ে। এবার সেই অগণিত ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যানিমেশনের গণ্ডি পেরিয়ে পুরোপুরি লাইভ-অ্যাকশনে (বাস্তব চরিত্র নিয়ে) পর্দায় আসছে ‘মোয়ানা’।
টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের
এই বহুল প্রতীক্ষিত বিগ-বাজেট সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে শুক্রবার। বাংলাদেশের
দর্শকদের জন্য অত্যন্ত আনন্দের খবর হলো, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের
স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পায়েছে সিনেমাটি। এছাড়া দেশের ব্লকবাস্টার সিনেমাস, লায়ন
সিনেমাস, সিলভার স্ক্রিন এবং শ্যামলী সিনেপ্লেক্সেও দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
এবারের লাইভ-অ্যাকশন সংস্করণের সবচেয়ে
বড় চমক হলো ‘মাউই’ চরিত্রটি।
পর্দায় এই শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতার চরিত্রে সরাসরি হাজির হচ্ছেন হলিউড
মেগাস্টার ডোয়াইন জনসন (দ্য রক)। মজার ব্যাপার হলো, ২০১৬ সালের মূল অ্যানিমেশন সিনেমাতেও
এই চরিত্রটির নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন তিনিই। তবে এবার শুধু কণ্ঠের জাদু নয়, নিজের
অবয়ব নিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অ্যাকশন হিরো।
এক সাক্ষাৎকারে ‘মাউই’ চরিত্রটি নিয়ে আবেগপ্রবণ হয়ে দ্য
রক বলেন, লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে
একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য
ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়। এই চরিত্রের মধ্যে তিনি তার নিজের
দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। পাশাপাশি হাওয়াইতে কাটানো তাঁর শৈশব এবং গত এক দশকে একজন
বাবা হিসেবে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা এই চরিত্রটিকে আরও গভীরভাবে পর্দায় ফুটিয়ে
তুলতে সাহায্য করেছে।
সিনেমার নামভূমিকায় ‘মোয়ানা’র মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে
অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রায় ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কঠোর অডিশনের
মাধ্যমে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত নবাগতা
অভিনেত্রী ক্যাথরিন লাগা’আইয়াকে। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তাঁর।
পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই
ক্যাথরিনের কণ্ঠে ‘হাউ ফার আই’ল গো’ গানটি শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেখানে চরিত্রটির
বিশ্ব ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা চমৎকারভাবে ফুটে উঠেছিল। অন্যদিকে, ক্যাথরিন লাগা’আইয়া
বলেন, মোয়ানা এমন একজন আদর্শ, যিনি আমার শৈশবের সঙ্গী ছিলেন। মোয়ানার সাহস ও কৌতূহল
আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের
মাঝে তুমুল উন্মাদনা দেখা গেছে এবং বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বুকিংয়ে দারুণ সাড়া মিলছে।
বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, পুরোনো সেই নস্টালজিয়াকে পুঁজি করে মুক্তির
প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬শ কোটি
টাকা) আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে ডিজনির এই প্রজেক্ট।
হিসাব অনুযায়ী, কেবল আমেরিকার বাজার থেকেই
প্রায় ৬ কোটি ডলার আসার সম্ভাবনা রয়েছে। আর বাকি ৭ থেকে সাড়ে ৭ কোটি ডলার আসবে লাতিন
আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক
বাজারগুলো থেকে। সিনেমাটি ঘিরে ইতিমধ্যে যে হাইপ তৈরি হয়েছে, তাতে বক্স অফিসে আরও একটি
দুর্দান্ত সাফল্যের সুবাস পাচ্ছে হলিউড।
বাংলাদেশের খবর/এম.আর

