মোহাম্মদ মিলন ও অলংকার চৌধুরী, ছবি: সংগৃহীত
রোমান্টিক প্রেমের একটি গানচিত্র নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। গতকাল শনিবার ‘নজর যেন না লাগে’ শিরোনামে নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এতে মিলনের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন মিরাজ। এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।
নতুন গানচিত্রটি প্রসঙ্গে মিলন বলেন, ‘শ্রোতারা এখন রোমান্টিক গান একটু বেশি পছন্দ করেন। এই গানের কথা ও সুরে যেমন প্রেম-রোমান্স থাকছে তেমনি দৃশ্য ধারণেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। এ ছাড়া আমার এবং পূজার বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি, এই গানটিও সবার ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীতপরিচালক রোহান রাজ বলেন, ‘মিলন ও পূজা দুজনেই আমার খুব পছন্দের শিল্পী। তাদের কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তাই এই গানটি করার সময় তাদের দুজনের শ্রোতাদের কথা ভাবনায় ছিল। শ্রোতারা এ সময়ে যে রকম গান শুনতে ও দেখতে পছন্দ করেন এটি তেমনই বলতে পারি।’
মিলন ও পূজার কণ্ঠে জনপ্রিয় কয়েকটি গান হলো- ‘চুপিচুপি’, ‘তৃমি ছাড়া’, ‘তোমায় ছেড়ে’ ও ‘কি করে বোঝাই’।
বাংলাদেশের খবর/আরইউ

