Logo

বিনোদন

পর্দার নায়ক এবার মাঠে

পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

Icon

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:১১

পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

বলিউড অভিনেতা টাইগার শ্রফ অভিনয়, নাচ, মার্শাল আর্ট ও ফিটনেসের জন্য বরাবরই পরিচিত। তবে এবার ভিন্ন এক পরিচয়ে সামনে আসতে যাচ্ছেন তিনি। পর্দার নায়ক থেকে পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে অভিষেক হতে পারে টাইগার শ্রফের। বর্তমানে তিনি দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন এবং শিলংয়ে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের একটি ম্যাচে দলের সঙ্গে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি জানান, টাইগার ইতোমধ্যে দলের হয়ে নিবন্ধিত হয়েছেন। এখন তার অভিষেক নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘টাইগারের মতো জনপ্রিয় একজন ব্যক্তিকে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুলতে পারে। এসব বিষয় বিবেচনায় রেখে আমরা তার কাছ থেকে একটি নির্দিষ্ট তারিখ পেয়েছি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সে অবশ্যই একটি ম্যাচে দলের সঙ্গে থাকবে। বর্তমানে সে নিয়মিত দলের সঙ্গে অনুশীলন করছে।’

২০২৪ সালে মুম্বাই এফসি প্রতিষ্ঠার সময় থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন টাইগার শ্রফ। শুরু থেকেই তিনি দলের অনুশীলনে অংশ নিয়ে আসছেন। তবে তার ফুটবল দক্ষতা প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের একটি ইনফ্লুয়েন্সারস ফুটবল লিগে। সেখানে একাধিক তারকার অংশগ্রহণের মধ্যেও নিজের নৈপুণ্যে আলাদা করে নজর কাড়েন তিনি।

জোহেব আমরানি বলেন, ‘ওই টুর্নামেন্টেই আমি বুঝতে পারি, টাইগার শুধু ফুটবল খেলতেই পারে না, খেলাটির কৌশলগত দিক সম্পর্কেও তার ভালো ধারণা রয়েছে।’

এরপরই তাকে মুম্বাই এফসিতে অনুশীলনের আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘদিনের সেই প্রস্তুতির পর এবার পেশাদার ফুটবলে অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ‘বাঘি’খ্যাত এই অভিনেতা।

উল্লেখ্য, ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ-এর ১৩৫তম আসর শুরু হয়েছে গত ২৫ জুলাই। টুর্নামেন্টে ৩, ৮ ও ১১ আগস্ট মাঠে নামবে মুম্বাই এফসি। এই তিন ম্যাচের যেকোনো একটিতে পেশাদার ফুটবলার হিসেবে টাইগার শ্রফকে দেখা যেতে পারে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন