বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান। মহাকবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত তার নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির মাত্র ১৩ দিনের মাথায় যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে বিশ্বজোড়া সাড়া ফেলে দেওয়া সিনেমা ‘ওপেনহাইমার’-এর আজীবনের আয়কে টপকে গেছে।
ডেডলাইনের প্রকাশিত সর্বশেষ বক্স অফিস
আপডেট অনুযায়ী, ২০২৩ সালে মুক্তি পাওয়া ৭টি অস্কারজয়ী ছবি ‘ওপেনহাইমার’ প্রেক্ষাগৃহে
বারবার পুনঃমুক্তির পর ৫৯৫ দিনে অভ্যন্তরীণ বাজারে মোট ৩৩০ মিলিয়ন (৩৩ কোটি) ডলার আয়
করেছিল। অথচ ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ওডিসি’ মুক্তির দ্বিতীয়
বুধবারে ১৩.৬ মিলিয়ন ডলার আয় করে মাত্র ১৩ দিনেই নিজের ঝুলিতে পুরে নিয়েছে ৩৩৪.২ মিলিয়ন
(৩৩.৪২ কোটি) ডলার।
এর মাধ্যমে ‘দ্য ডার্ক নাইট’ (৫৩৪.৯ মিলিয়ন)
এবং ‘দ্য ডার্ক নাইট
রাইজেস’ (৪৪৮.১ মিলিয়ন)-এর
পর এটি নোলানের ক্যারিয়ারে অভ্যন্তরীণ বাজারে তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে
জায়গা করে নিয়েছে। পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয়ের দিক থেকে সিনেমাটি অভিনেতা ম্যাট
ডেমনের ক্যারিয়ারেরও সর্বোচ্চ আয়কারী ছবিতে পরিণত হয়েছে।
প্রেক্ষাগৃহে সনি পিকচার্স ও মার্ভেলের
বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পাওয়া
সত্ত্বেও বক্স অফিসে নোলানের এই মহাকাব্যের রাজত্ব থমকে যাচ্ছে না। বক্স অফিস অ্যানালিস্টদের
মতে, সিনেমাটির তৃতীয় সপ্তাহেও টিকিটের চাহিদা চমৎকার ধরে রাখার সম্ভাবনা রয়েছে, যেখানে
সপ্তাহান্তে আয় হতে পারে আনুমানিক ৪৫ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে, ‘ওপেনহাইমার’ তার তৃতীয় সপ্তাহে
আয় করেছিল ২৯.১ মিলিয়ন ডলার। ইউনিভার্সালের এই বড় বাজেটের ছবিটি আগামী আগস্ট মাস জুড়েই
আইম্যাক্স স্ক্রিনগুলোতে আধিপত্য বিস্তার করবে।
এদিকে, রেনট্র্যাক -এর বাজার বিশ্লেষণ
অনুাসারে চলতি গ্রীষ্মকালীন মৌসুমে উত্তর আমেরিকার বক্স অফিস আয় ইতোমধ্যেই ৩ বিলিয়ন
ডলারের গণ্ডি পার করেছে। শিল্প বিশেষজ্ঞদের ধারণা, ‘দ্য ওডিসি’র অভাবনীয় সাফল্য
এবং ‘স্পাইডার-ম্যান:
ব্র্যান্ড নিউ ডে’-র ঝোড়ো আগমন মিলিয়ে চলতি আগস্টে বক্স
অফিস আয় রেকর্ড ৪ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। হলিউডের ইতিহাসে আগস্ট মাসে ৪ বিলিয়ন
ডলার আয়ের এ বিরল রেকর্ড এর আগে কেবল ২০১৪ ও ২০১৬ সালে দেখা গিয়েছিল।
অন্যদিকে, ব্লিকার স্ট্রিট ও এলডি এন্টারটেইনমেন্টের
ব্রডওয়ে মিউজিক্যাল ক্যাপচার ছবি ‘হেডিসটাউন’ টিকিট বিক্রির
দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, যার মোট আয় এখন ১৪ মিলিয়ন ডলারের কাছাকাছি।
দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে ছবিটি প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে আরও দেড় হাজারেরও
বেশি থিয়েটারে বাড়িয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের খবর/ এম.আর

