উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৯:৫৯
দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চিকিৎসকদের পরামর্শে আগামী ১২ আগস্ট আবারও উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে রওনা হবেন তিনি। চলচ্চিত্র জগতে দীর্ঘদিনের সহশিল্পী ও গুণী অভিনেত্রী রোজিনা অভিনেতার গুলশানের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর এই তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যে টানা ১৫ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন
থাকার পর গত সোমবার বিকেলে ঢাকায় ফেরেন ইলিয়াস কাঞ্চন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি
হয়ে দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। দেশে ফিরলেও তিনি
এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি চিত্রনায়িকা
রোজিনা দেখা করতে যান তার বাসায়। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোজিনা লেখেন,
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন ভাই কিছুদিন আগেই লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন।
তার গুলশানের বাসায় দেখা করতে গিয়েছিলাম। কাঞ্চন ভাই এখনো পুরোপুরি সুস্থ হননি, তবে
ইনশাআল্লাহ দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
রোজিনা আরও নিশ্চিত করেন যে, লন্ডনের বিশেষজ্ঞ
চিকিৎসকদের শিডিউল ও পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট তিনি পুনরায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে
উড়াল দেবেন। শারীরিক অসুস্থতার এই কঠিন সময়ে পরিবারকে পাশে পাচ্ছেন অভিনেতা। স্ত্রী
ফরিদা, ছেলে, মেয়ে এবং জামাতা সার্বক্ষণিক তার সেবা ও দেখাশোনা করছেন। পোস্টের শেষে
ঢালিউডের এই বরেণ্য ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনা করে ভক্ত ও দেশবাসীর কাছে খাস
দিলে দোয়া চেয়েছেন রোজিনা।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের
অন্যতম সফল নায়ক এবং 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার
খবরে উদ্বিগ্ন তার লাখো ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা। চিকিৎসকদের আশা,
পরবর্তী ধাপের চিকিৎসা শেষ করে দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন
এই বরেণ্য শিল্পী।
বাংলাদেশের খবর/ এম.আর

