Logo

বিনোদন

মুক্তির ৬ দিনেই বক্স অফিসে স্পাইডার-ম্যানের ইতিহাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২০:০৩

মুক্তির ৬ দিনেই বক্স অফিসে স্পাইডার-ম্যানের ইতিহাস

বক্স অফিসে বিশ্বজুড়ে আয়ের নিত্যনতুন রেকর্ড ভেঙে চলেছে মার্ভেল ও সোনি পিকচার্সের নতুন দ্যুতি 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'। মুক্তির মাত্র ৬ দিনের মাথায় বিশ্বব্যাপী ১.০৫ বিলিয়ন ডলার (১০৫ কোটি ডলার) আয়ের অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে টম হল্যান্ড অভিনীত এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। এর মাধ্যমে এটি সিনেমা ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ছবি হিসেবে বিলিয়ন ডলার আয়ের তালিকায় প্রবেশ করেছে, যা এর আগে কেবল ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর দখলে ছিল।

সোনি পিকচার্সের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার ঘরোয়া বক্স অফিসে ছবিটি ৩৬০ মিলিয়ন ডলার আয় করেছে। এর মাধ্যমে এটি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৩৫৭.১ মিলিয়ন ডলার)-কে পেছনে ফেলে ইতিহাসের বৃহত্তম ডোমেস্টিক ওপেনিং উইকেন্ডের নতুন রেকর্ড গড়েছে। এর পাশাপাশি সর্বোচ্চ থার্সডে প্রিভিউ, ফ্রাইডে ওপেনিং এবং সোনি পিকচার্সের ইতিহাসের সর্বকালের সেরা লঞ্চিংয়ের নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে সিনেমাটি। প্রায় ২২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবিটি ২০২৬ সালের চতুর্থ চলচ্চিত্র হিসেবে শত কোটি ডলারের ক্লাবে নাম লেখালো। এর আগে চলতি বছরে দ্য সুপার মারিও গ্যালক্সি মুভি’, মাইকেল’ এবং টয় স্টোরি ৫’ এই অনন্য মাইলফলক স্পর্শ করেছিল।

চলচ্চিত্রটির এই অভূতপূর্ব উন্মাদনা দেখে বিশ্বখ্যাত প্রদর্শক সংস্থা 'আইম্যাক্স' তাদের প্রদর্শনী কৌশলে পরিবর্তন এনেছে। তারা দ্য ওডিসি’ সিনেমার পাশাপাশি স্পাইডার-ম্যানকেও সমহারে আইম্যাক্স পর্দায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহগুলোতে 'ওয়ান নাইট ওনলি', 'সুপার ট্রুপার্স ৩'-এর মতো নতুন ছবি প্রেক্ষাগৃহে এলে বা প্রতিযোগিতা থাকলেও সামার উইন্ডোতে ব্যবসা ধরে রাখার ব্যাপারে আশাবাদী সোনি পিকচার্স।

গত ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেছেন ডেসটিন ড্যানিয়েল ক্রোটন। গল্প লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সমার্স। এই কিস্তিতে পিটার পার্কার হিসেবে আবারও হাজির হয়েছেন টম হল্যান্ড। এছাড়া দীর্ঘ দিন পর মার্ভেল ইউনিভার্সে ডক্টর ডুম চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। জেনডায়া, জোন বার্নথাল, মার্ক রাফালো ও জ্যাকব ব্যাটালনের পাশাপাশি নতুন মুখ হিসেবে এই ছবিতে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক এবং ট্রামেল টিলম্যান। ছবিটির দারুণ ট্রেলার এবং নির্মাণশৈলী বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন