ভারতীয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রের নন্দিত অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী ডান হাতে চোট পেয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন। হাতে আঘাতের তীব্রতা বেশি থাকায় বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে তার ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে উঠছেন।
হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে,
বর্তমানে তার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল এবং চিন্তার কোনো কারণ নেই। সবকিছু
ঠিক থাকলে শনিবারই তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে,
এর আগেও ২০২৪ সালে একই হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সে সময়
সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান হাতে প্রথম আঘাত পান তিনি এবং পরবর্তীতে আবারও দুর্ঘটনাবশত
একই স্থানে আঘাত পেয়ে দীর্ঘ সময় ব্যথানাশক ওষুধ খেয়ে কাজ চালিয়ে যান।
চিকিৎসকদের পরামর্শে ইতিপূর্বে
সেই হাতে অস্ত্রোপচার করা হলেও পুরনো সেই চোটের স্থানে পুনরায় জটিলতা তৈরি হওয়ায়
এবার আবার নতুন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কীভাবে বা শুটিং সেটে
কোনো দুর্ঘটনার কারণে এই আঘাত লেগেছে কি না, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে
গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে
পড়তেই রাজ্য রাজনীতি ও বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শুক্রবার সকালে অভিনেতার
শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ সময় তার সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
তারা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ শারীরিক
অবস্থার খোঁজখবর নেন।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের
জানান, হাতে ছোট্ট একটি সফল অস্ত্রোপচার হয়েছে এবং মিঠুন চক্রবর্তী বর্তমানে আশঙ্কামুক্ত
আছেন। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য ও সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন দেশ-বিদেশের
লাখো ভক্ত ও অনুরাগী।
বাংলাদেশের খবর/ এম.আর

