ছবি: সংগৃহীত
দ্বিতীয় সন্তান আগমনের সময় ঘনিয়ে আসছে দীপিকা পাডুকোনের। তবু কাজের প্রতি নিজের পেশাদারত্ব ধরে রেখে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন এ বলিউড অভিনেত্রী। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা তার আসন্ন সিনেমা ‘রাকা’-র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগেই নিজের অংশের শুটিং শেষ করতে তিনি দিন-রাত টানা কাজ করে যাচ্ছেন।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিপরীতে ‘রাকা’ ছবিটির শুটিং দ্রুত শেষ করার দিকেই মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী।
সিনেমার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও সেটেই অবস্থান করছেন দীপিকা এবং প্রয়োজন অনুযায়ী গভীর রাত পর্যন্ত শুটিং চালিয়ে যাচ্ছেন। এমনকি সাত-আট মাসের গর্ভবতী থাকা অবস্থাতেও কিছু কঠিন অ্যাকশন দৃশ্যের দৃশ্যধারণ সফলভাবে শেষ করেছেন তিনি।
দীপিকার এমন পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সিনেমার পুরো শুটিং টিম।
অ্যাটলি পরিচালিত ও সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ একটি বিশাল বাজেটের ফ্যান্টাসি সাই-ফাই অ্যাকশন থ্রিলার।
আইএমডিবি অনুসারে, ছবিটির মূল গল্প এক ঐশ্বরিক যোদ্ধাকে কেন্দ্র করে, যিনি মহাজাগতিক শক্তিতে রূপ নিয়ে মহাবিশ্বে শান্তি ফিরিয়ে আনতে আবির্ভূত হন।
ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরকে দেখা যাবে।
বাংলাদেশের খবর/আরইউ

